shono
Advertisement
Imran Khan

'ইমরানকে মুক্তি দিন', জার্সি গায়ে অস্ট্রেলিয়ার মাঠে ভক্ত, ঢুকতেই দিলেন না নিরাপত্তারক্ষীরা

মেলবোর্নের জংশন ওভালে শেফিল্ড শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম ভিক্টোরিয়ার। সেই ম্যাচ চলাকালীন লুক ব্রাউন নামে এক সমর্থক জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে গিয়েছিলেন।
Published By: Prasenjit DuttaPosted: 08:24 PM Mar 27, 2026Updated: 08:47 PM Mar 27, 2026

২০২৩ সালের আগস্ট থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তার উপর মাসখানেক আগে তাঁকে এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে এক পাক আদালত। এদিকে সম্প্রতি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দাবি করেছে, জেলে ভয়ংকর স্বাস্থ্য সংকটে তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় ঠিকমতো চিকিৎসা হচ্ছে না তাঁর। এমনটা চলতে থাকলে চিরতরে অন্ধ হয়ে যেতে পারেন তিনি। এই পরিস্থিতিতে ইমরানের মুক্তির দাবি তুলে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামে ঢুকতে গিয়েছিলেন এক সমর্থক। তারপর?

Advertisement

ঘটনাটা ঠিক কী? মেলবোর্নের জংশন ওভালে শেফিল্ড শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম ভিক্টোরিয়ার। সেই ম্যাচ চলাকালীন লুক ব্রাউন নামে এক সমর্থক জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে গিয়েছিলেন। জার্সিতে লেখা ছিল, 'ফ্রি ইমরান খান' (ইমরান খানকে মুক্তি দাও)। রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য ওই সমর্থককে স্টেডিয়ামে ঢুকতে নিরাপত্তারক্ষীরা। তাঁকে বলা হয়, মাঠে ঢুকতে চাইলে অবিলম্বে জার্সি বদলে ফেলতে হবে বা জার্সির ওই অংশ ঢেকে ফেলতে হবে। তাতে অবশ্য রাজি হননি ওই সমর্থক।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ইমরানের বিষয়টি এখন কেবল রাজনৈতিক নয়, বরং মানবাধিকার সংক্রান্ত। বোর্ডের এক মুখপাত্র বলেন, "ক্রিকেটবিশ্বে ইমরানের স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ রয়েছে, তাতে এই বিষয়টি এখন মানবাধিকারের মধ্যে পড়ে। আমরাও সেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।" অন্যদিকে ব্রাউন জানিয়েছেন টি-শার্ট ঢাকতে বলায় তিনি অবাক হয়েছেন। "আমি অবাক হয়েছিলাম। আমি মানছি ওরা কেবল নিয়ম পালন করেছে। কিন্তু ওরা ভুল লোককে বেছে নিয়েছে। ক্রিকেটবিশ্বের উচিত ইমরানের পাশে দাঁড়ানো। নিয়ম কীভাবে বদলানো যেতে পারে, সেটা বোর্ডের ভাবনা।"

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট তোষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান। প্রথমে তাঁর ঠাঁই হয়েছিল পাঞ্জাব প্রদেশের অটোক জেলে। সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে। গত ৩ বছর ধরে এই জেলেই বন্দি তিনি। সব মিলিয়ে ২০০-র বেশি মামলা ঝুলছে ইমরানের বিরুদ্ধে। যদিও তেহরিক-ই-ইনসাফ নেতার দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করে তাঁকে গারদের ওপারে আটকে রাখা হয়েছে। এদিকে পিটিআই-এর দাবি অনুযায়ী, মেডিক্যাল রিপোর্টে জানা গিয়েছে ইমরান খানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন রয়েছে। যা অত্যন্ত বিপজ্জনক। এর ফলে চোখের শিরায় ব্লকেজ তৈরি হয়। এই পরিস্থিতিতে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে মুক্তির দাবি তুলেছেন প্রায় ৩০ বছর ধরে ক্লাব ক্রিকেট খেলা ব্রাউন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement