আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নিল আফগানিস্তান। আয়ারল্যান্ডকে ৯২ রানের বিরাট ব্যবধানে হারিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ছাড়পত্র পেলেন আফগানরা। নেপথ্যে রশিদ খানের ৬ উইকেট। এর ফলে চাপে পড়ে গেল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য আর একটিই জায়গা রয়েছে। যার জন্য লড়াই করতে হবে এই দু'টি দেশকে।
বিশ্বকাপে মোট ১৪টি দেশ অংশ নেবে। এর মধ্যে দশটি দল সরাসরি জায়গা করে নেবে। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। ইতিমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়পত্র পেয়েছে। এবার জায়গা করে নিল আফগানিস্তানও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে আর একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট পেত আফগানিস্তান।
সেটা এল দ্বিতীয় ম্যাচে। প্রথমে ব্যাট করে আফগানরা ২৯৯ রান তোলে। ইব্রাহিম জাদরান ৮৪ রান করেন। জবাবে ২০৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ৩৪ রান দিয়ে ৬ উইকেট তোলেন রশিদ খান। কেড কারমাইকেল ৬২ রান করেন। আইসিসি'র নিয়ম অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১০টি দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে। আফগানিস্তান এখন আছে ৮ নম্বরে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। প্রথম দশের বাইরে থাকা জিম্বাবোয়ে আয়োজক হিসেবে ছাড়পত্র পেয়ে গিয়েছে। ফলে একটাই জায়গার জন্য লড়াই এর পরে থাকা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
২৭ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। সেখানে জিতলে বিশ্বকাপের রাস্তা পরিষ্কার হবে। অন্যদিকে ভারতের সঙ্গে সিরিজ না হলে বাংলাদেশের হাতে সেপ্টেম্বরের মধ্যে আর কোনও সিরিজ নেই। যে কারণে এই সিরিজ নিশ্চিত করা নিয়ে বাংলাদেশ বোর্ড 'তাড়া' দিচ্ছে। চারটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্যতম আয়োজক হলেও নামিবিয়াকে যোগ্যতা অর্জন পর্ব খেলে আসতে হবে।
