মেসি না রোনাল্ডো? আর্জেন্টিনা না ব্রাজিল? কাকে সাপোর্ট করছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)? বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা দুনিয়া। রাত জেগে হোক বা কাকভোরে, বিশ্বকাপের ম্যাচ মিস করছে না কেউই। ক্রিকেটাররাও নিজেদের ফেভারিট দলকে সমর্থন করছেন। যেমন- বৈভব সূর্যবংশী। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে চর্চিত নাম। ফুটবল বিশ্বকাপে কাকে সাপোর্ট করছে ১৫ বছর বয়সি ক্রিকেটার?
ভারত 'এ' শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ জিতেছে। সেই দলে আছে বৈভব। ফাইনালে ১১ বলে হাফসেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়েছে। টিম ইন্ডিয়ার নীল জার্সিতে তার অভিষেক হওয়া সময়ের অপেক্ষা। তবে ফুটবল বিশ্বকাপে সে লিওনেল মেসির নীল নয়। সাপোর্ট করছে অন্য রঙের দলকে। একটা নয়, দুটো দলকে একসঙ্গে সাপোর্ট করছে সে। রেভস্পোর্টসকে বৈভব জানিয়েছে, "আমি একসঙ্গে ব্রাজিল ও পর্তুগালকে সমর্থন করছি।"
তবে মুশকিল একটাই। বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। উপমহাদেশ থেকে সময়ের পার্থক্য অনেক বেশি। শ্রীলঙ্কায় আছে বলে নিয়মিত খেলা দেখতে পারছে না। বৈভব বলছে, "আমাদের সূচি এরকম, যে সব ম্যাচ দেখতে পারছি না।" কিন্তু খুশির খবরও আছে। এরপর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে সিরিজ খেলতে যাবে ভারত। সেই দলে আছে বৈভব। ইউরোপের থেকে আমেরিকার সময়ের পার্থক্য কম। অর্থাৎ ইউরোপে গেলে ম্যাচ দেখতে সুবিধা হবে। সেটা ভেবেই খুশি বিস্ময় প্রতিভা। তবে শুধু বৈভব একা নয়। ব্রাজিলকে সাপোর্ট করছেন শ্রেয়স আইয়ারও। ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে সেটা জানিয়েও দিয়েছেন। বিশ্বকাপে ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করলেও হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে। অন্যদিকে পর্তুগাল প্রথম ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করেছে।
ভারত ‘এ’ দলের হয়ে ওপেন নেমে শুরু থেকেই ঝড় তোলে বিহারের ভূমিপুত্র। মাত্র ১১ বলে হাফসেঞ্চুরি করে বৈভব। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বলে দ্রুততম হাফসেঞ্চুরির করে বিশ্বরেকর্ড গড়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেয় বৈভব।
