নির্বাচনে সাফল্য পাননি। বিধানসভা নির্বাচনে তুফানগঞ্জ থেকে দাঁড়িয়ে হারতে হয়েছে বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালকে (Shib Shankar Paul)। তবে ভোটে হারার পরদিনই ক্রিকেট মাঠে সুখবর 'ম্যাকো'র জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক ক্রিকেট ক্যাম্পের কোচিংয়ের দায়িত্ব পেলেন শিবশঙ্কর। ভিভিএস লক্ষ্মণের পাঠানো নিয়োগপত্র সোশাল মিডিয়ায় আপলোড করে সুখবর জানিয়েছেন তিনি।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে। বিসিসিআইয়ের অধীনে বিভিন্ন জায়গায় ক্রিকেট ক্যাম্প হয়। সেখানে পুরুষদের অনূর্ধ্ব-১৬ এলিট ক্যাম্পের বোলিং কোচ হচ্ছেন শিবশঙ্কর। ১১ মে থেকে ৬ জুন পর্যন্ত রাজস্থানের জয়পুরে এই ক্যাম্প চলবে। ১০ মের মধ্যে জয়পুরে যোগ দেবেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। ফেসবুকে শিবশঙ্কর লিখেছেন, 'নতুন দায়িত্ব, নতুন শুরু, একই রকম খিদে।'
সদ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পালাবদল হয়েছে। তুফানগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট লড়েছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। গত দু’দশক ধরে কলকাতায় থাকলেও তুফানগঞ্জ শিবশঙ্করের জন্মভিটে। কিন্তু জিততে পারেননি। বিজেপি প্রার্থী মালতী রাভা রায়ের বিরুদ্ধে ২৬৪৫৭ ভোটে হারেন শিবশঙ্কর। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৬০৬৮। গতবার এই বিধানসভার বিধায়ক ছিলেন বিজেপি’র মালতী রাভা রায়। এবারও তিনিই জয়ী হয়েছেন।
নির্বাচনে ব্যর্থ হলেও ক্রিকেট মাঠ থেকে নতুন সম্মান পেলেন শিবশঙ্কর। ক্রিকেটের চেনা ময়দান থেকে ভোটের ময়দান হয়ে কোচিংয়ের দায়িত্বে। ভারতের এ দলে নিয়মিত খেলেছেন। ২০০৪-০৫ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরকালে দলে ছিলেন তিনি। তবে কোনও দিন জাতীয় দলে খেলা হয়নি। এর আগে মিজোরামের অনূর্ধ্ব-২৩ দল ও বাংলার মহিলা দলের কোচিংও করেছেন।
