shono
Advertisement
Imran Khan

'জেলেই মারা যাবেন ইমরান', বিদেশমন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন 'শত্রু' দেশের ৭ অধিনায়ক

দিনের পর দিন তিনি জেলের অন্ধকারে বন্দি। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে ইমরান খানের। দীর্ঘদিন ধরেই বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটাররা কাপ্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 01:19 PM Sep 15, 2026Updated: 02:31 PM Sep 15, 2026

দিনের পর দিন তিনি জেলের অন্ধকারে বন্দি। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে ইমরান খানের (Imran Khan)। দীর্ঘদিন ধরেই বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটাররা কাপ্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। একাধিকবার পাক সরকারকে চিঠি লিখেছেন। পাকিস্তানি ক্রিকেটাররাও মুখ খুলেছেন ইমরানকে নিয়ে। তবে এবার সরাসরি পাক সরকারে উপর চাপ বাড়াতে চলেছে ক্রিকেটমহল। শুরু হয়েছে কূটনৈতিক পত্র বিনিময়।

Advertisement

জানা গিয়েছে, ইমরানের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের বিদেশমন্ত্রীকে চিঠি লিখেছেন জাতীয় দলের সাতজন প্রাক্তন অধিনায়ক। তাঁদের চিঠিতে বলা হয়েছে, 'পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান। পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেভাবে তিনি ক্রিকেট মাঠে নেতৃত্ব দিয়েছেন, দক্ষতা দেখিয়েছেন সেটা খেলার ইতিহাসে চিরন্তন ছাপ রেখে গিয়েছে। একইসঙ্গে ক্যানসার হাসপাতাল গড়ে পাকিস্তানি আমজনতার উন্নতি করেছেন তিনি। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমরা সকলে সম্মান করি।"

অস্ট্রেলিয়ার সাতজন প্রাক্তন অধিনায়ক এই চিঠিতে সই করেছেন। গ্রেগ ও ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়া-সকলে চিঠি দিয়েছেন অজি বিদেশমন্ত্রী পেনি ওংয়ের কাছে। তাঁদের আবেদন, ইমরানের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া সরকার যেন কূটনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে। গ্রেগ বলছেন, "আমার ভয় করে ইমরান জেলেই মারা যাবেন। আমরা কোনও রাজনৈতিক দাবি করছি না। কিন্তু একজন মানুষের পরিচয় যাই হোক না কেন তাঁর চিকিৎসা নিশ্চিত করা উচিত"

প্রাক্তন অধিনায়করা চাইছেন যেন অজি সরকার পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে ইমরানের চিকিৎসাটুকু নিশ্চিত করুক। উল্লেখ্য, পাক ক্রিকেটাররাও সাম্প্রতিক অতীতে ইমরানকে নিয়ে সরব হয়েছেন। জাভেদ মিয়াঁদাদ বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী আর বর্তমান সরকারের মধ্যে যাবতীয় মতপার্থক্য মিটিয়ে ফেলা অসম্ভব ব্যাপার নয়। মইন খান এবং রামিজ রাজাও পরে একই কথা বলেন। বর্তমান আন্তর্জাতিক অধিনায়কদের মধ্যে সর্বপ্রথম সরব হন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তিনি সাফ বলে দেন, ইমরান বরেণ্য চরিত্র। মানবিকতা তাঁর প্রাপ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement