shono
Advertisement

Breaking News

Imran Khan

'ইমরানকে সম্মান দিন', কাপ্তানের সুবিচার-চিকিৎসা চেয়ে পাক সরকারকে চাপ গাভাসকর-কপিলদের

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান। তাঁর শারীরিক অবস্থা ঠিক কতটা গুরুতর, সেই নিয়ে পাক সরকার মুখে কুলুপ এঁটেছে। ইমরানের পাশে দাঁড়িয়ে পাক সরকারকে চিঠি দিয়েছেন ১৪ কিংবদন্তি ক্রিকেটার।
Published By: Anwesha AdhikaryPosted: 01:32 PM Feb 17, 2026Updated: 03:57 PM Feb 17, 2026

দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। একঝাঁক তারকা পেসারকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাক। কিন্তু একটা সময়ের দাপুটে কাপ্তান আজ জেলে বন্দি। অন্ধ হতে বসেছেন। অসুস্থ ইমরান খানের (Imran Khan) চিকিৎসা যেন যথাযথভাবে হয়, সেজন্য আর্জি জানালেন প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম। শুধু তাই নয়, সুনীল গাভাসকর, কপিল দেবের মতো ভারতীয় কিংবদন্তিরাও পাক সরকারের কাছে আবেদন করেছেন যেন ইমরানের প্রতি সঠিক আচরণ করা হয়।

Advertisement

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল জেলে অসুস্থ হয়ে পড়েছেন ইমরান। এমনকী পরিবারকে না জানিয়ে তাঁকে জেল থেকে গোপনে হাসপাতালে ভর্তি করানোর পরিকল্পনা চলছে বলেও খবর ছড়িয়েছে। শোনা যাচ্ছে, ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান। তাঁর শারীরিক অবস্থা ঠিক কতটা গুরুতর, সেই নিয়ে পাক সরকার মুখে কুলুপ এঁটেছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বলছে, কাপ্তানের জীবনের ঝুঁকি রয়েছে।

এহেন পরিস্থিতিতে পাঁচটি দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক যৌথভাবে চিঠি লিখেছেন পাক সরকারকে। গাভাসকর-কপিল ছাড়াও সেখানে সই করেছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইটরা। তাঁদের বক্তব্য, 'ক্রিকেটদুনিয়ায় ইমরান একজন কিংবদন্তি। তাঁর চিকিৎসা এবং অন্যান্য ইস্যুতে যেসব খবর শোনা যাচ্ছে সেটায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা তাঁর বিরুদ্ধে খেলেছি, আবার তাঁকে আদর্শও মেনেছি। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, মানুষের ভোটে জিতে গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।'

ওই চিঠিতে আরও বলা হয়েছে, 'সম্প্রতি ইমরানের স্বাস্থ্য নিয়ে যা খবর ছড়িয়েছে, বিশেষত জেলে থাকাকালীন তাঁর দৃষ্টিশক্তি কার্যত শেষ হতে বসেছে-সেসব শুনে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা মনে করি ইমরানের মতো বড়মাপের মানুষকে সম্মান এবং মৌলিক অধিকার দেওয়া অবশ্যই উচিত। পাক সরকারের কাছে আমাদের আবেদন, অবিলম্বে ইমরানের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পরিবারের সদস্যদের ইমরানের সঙ্গে দেখা করতে দিতে হবে।" ওই চিঠিতে পাক সরকারের সদিচ্ছার উপর আস্থা রেখেছেন প্রাক্তন ক্রিকেটাররা। শেষ পর্যন্ত কি সুবিচার পাবেন ইমরান?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement