ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন। কিন্তু বোলিং এখনও তাঁর রক্তে। তিনি ‘সুইং অফ সুলতান’, ওয়াসিম আক্রম। পবিত্র মক্কায় হজ পালন করতে গিয়ে তাঁর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। সেখানে বোলিংয়ে উদ্যত হলেন তিনি। এবং ‘ইয়র্কার’ দিয়ে শয়তানকে বোল্ড করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক!
ভিডিওয় কী দেখা গিয়েছে? মিনায় পবিত্র হজের ভিড়ের মাঝে সাদা এহরাম পরা একজন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ‘রামি আল-জামারাত’ পালনের জন্য। বাইরে থেকে দেখলে আর পাঁচজন হাজির মতোই, কিন্তু ঠিক পাথরটা ছোড়ার আগের মুহূর্তে হঠাৎ যেন বদলে গেল দৃশ্যটা। শরীরটা একটু ঘুরল, নন-বোলিং হ্যান্ড উঠল, আর কবজির সেই পরিচিত মোচড়... সময়টা থমকে দাঁড়িয়ে যেন পৌঁছে গেল ক্রিকেট মাঠে।
এ তো সেই চেনা অ্যাকশন! পাথরটা ছুটে গেল লক্ষ্যভেদ করে। আর আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষজনের মুখে ফুটে উঠল হাসি। মনে হচ্ছিল, ধর্মীয় আচার আর ক্রিকেট - দুই-ই এক সুতোয় গাঁথা। ধর্মীয় আচার পালনের মাঝেও এমন এক পরিচিত ক্রিকেটীয় মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল। এহেন ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নস্ট্যালজিয়া। অনেকেই মন্তব্য করেছেন, সত্যিকারের কিংবদন্তিদের বিশেষত্ব কখনও হারিয়ে যায় না। তা খেলার মাঠের গণ্ডি ছাড়িয়ে জীবনের প্রতিটি মুহূর্তেই থেকে যায়।
অনেকেই মজার ছলে মন্তব্য করেন, আক্রম যেন নিজের বিখ্যাত ‘ইয়র্কার’ দিয়েই শয়তানকে বোল্ড করে দিলেন। জানা গিয়েছে, এই হজ সফরে তাঁর সঙ্গে রয়েছেন মিসবাহ-উল-হক এবং ফখর-ই-আলম। এছাড়া মক্কায় গিয়ে প্রাক্তন সতীর্থ সাঈদ আনোয়ারের সঙ্গেও দেখা করেছেন তিনি। ক্রিকেটপ্রেমীদের কাছে এই ভিডিও শুধু ভাইরাল মুহূর্ত নয়, বরং পুরনো দিনের স্মৃতিও ফিরিয়ে এনেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬টি উইকেট নিয়েছেন আক্রম। অনবদ্য বোলিং অ্যাকশন ও বিষাক্ত রিভার্স সুইংয়ের জন্য বিখ্যাত ছিলেন। এই কারণেই কারণেই তাঁকে ডাকা হয় ‘সুলতান অফ সুইং’ নামে। পরবর্তীতে ওয়াকার ইউনুসের সঙ্গে তার জুটি গড়ে ওঠে। যা ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ংকর পেস জুটি হিসেবে আজও স্মরণীয়।
