shono
Advertisement
Hardik Pandya

ইনস্টাগ্রাম থেকে উধাও হার্দিক! মুম্বই ছাড়ার জল্পনা, কেরিয়ারে অনিশ্চয়তার মধ্যেই বড় সিদ্ধান্ত?

বুধবার সন্ধ্যায় আচমকাই দেখা যায় ইনস্টাগ্রামে নেই ৩২ বছরের তারকা অলরাউন্ডার। প্রশ্ন ওঠে, কেন  নিজেকে সোশাল মিডিয়া থেকে সরিয়ে নিলেন মুম্বই অধিনায়ক? তাহলে মুম্বই মোহ কেটে গিয়েছে হার্দিকের?
Published By: Prasenjit DuttaPosted: 08:24 PM May 27, 2026Updated: 08:33 PM May 27, 2026

আরও একটা মরশুম, আরও একবার ব্যর্থতা মুম্বই ইন্ডিয়ান্সের। চলতি আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর আরও একবার আলোচনায় হার্দিক পাণ্ডিয়া। বুধবার সন্ধ্যায় আচমকাই দেখা যায় ইনস্টাগ্রামে নেই ৩২ বছরের তারকা অলরাউন্ডার। প্রশ্ন ওঠে, কেন  নিজেকে সোশাল মিডিয়া থেকে সরিয়ে নিলেন মুম্বই অধিনায়ক? তাহলে মুম্বই মোহ কেটে গিয়েছে হার্দিকের?

Advertisement

অ্যাকাউন্টে ঢুকতে গেলে ভেসে ওঠে, 'সরি, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল। দ্য লিঙ্ক ইউ ফলোড মে বি ব্রোকেন অর দ্য পেজ মে হ্যাভ বিন রিমুভড। গো ব্যাক টু ইনস্টাগ্রাম।' সোশাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় হার্দিকের লক্ষ লক্ষ অনুরাগী রয়েছে। হঠাৎ করে কেন তাঁর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা মুছে ফেলা হল, তা এখনও স্পষ্ট নয়। তবে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থ মরশুমের পরই এই ঘটনা সামনে আসায় জল্পনা আরও তীব্র হয়েছে।

উল্লেখ্য, আরসিবি’র কাছে হেরে প্লেঅফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এর পরেই ইনস্টাগ্রামে চোখ রাখতেই দেখা গিয়েছিল, হার্দিক ইনস্টাগ্রামে আর ফলো করেন না এমআই পল্টনকে। কিন্তু বিষয়টা কতটা সত্যি? হার্দিকের ‘ফলোয়ার লিস্ট’ দেখা হয়েছিল। সেখানে বেশ কিছুক্ষণের জন্য দেখা গেল, তালিকায় নেই মুম্বই ইন্ডিয়ান্স। সেই সময় তাঁর ‘ফলোয়িং’ সংখ্যা ছিল ১৫০। তবে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। সংখ্যা বেড়ে হয় ১৫১। হার্দিকের ফলোয়ার তালিকায় ফের দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সকে।

এবারের আইপিএলে নবম স্থানে শেষ করেছে মুম্বই। এমন হতশ্রী পারফরম্যান্সের পর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব অনুবীক্ষণ যন্ত্রের তলায় পড়ছে। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বই। সেই সময় দেশজুড়ে ক্রিকেট-জনতার রোষে পড়তে হয় অলরাউন্ডারকে। কালের নিয়মে সেই উষ্মা ঝিমিয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে, মুম্বইয়ের মতো সফল ফ্র্যাঞ্চাইজি বিচারে হার্দিক যোগ‌্য অধিনায়ক তো? হিটম্যানের কাছ থেকে নেতৃত্ব পরিবর্তনের পর থেকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আগের ছন্দে ফিরতে পারেনি। অনেকেই বলছেন, হয়তো হতাশা থেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছেন হার্দিক। যদিও সময় গড়াতেই নিজের অ্যাকাউন্ট ফিরে পান তিনি। তাই মনে করা হচ্ছে, টেকনিক্যাল কারণে সোশাল মিডিয়া থেকে উধাও হয়ে গিয়েছিলেন হার্দিক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement