shono
Advertisement
teammate of Shubman Gill

শতরান করে জিতিয়েছিলেন বিশ্বকাপ, গড়াপেটা-ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শুভমানের সতীর্থ

নিজে প্রাক্তন ক্রিকেটার হয়েও তিনি ঘুষ দিচ্ছিলেন তরুণ ক্রিকেটারকে, জড়িয়ে ছিলেন গড়াপেটায়! শুভমান গিলের প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ।
Published By: Anwesha AdhikaryPosted: 04:53 PM Jul 17, 2026Updated: 04:56 PM Jul 17, 2026

দুর্নীতির বড়সড় অভিযোগ। নিজে প্রাক্তন ক্রিকেটার হয়েও তিনি ঘুষ দিচ্ছিলেন তরুণ ক্রিকেটারকে, জড়িয়ে ছিলেন গড়াপেটায়! শুভমান গিলের প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। এমনকী তাঁকে গ্রেপ্তার পর্যন্ত করে ফেলল পুলিশ। জানা গিয়েছে, শুভমানের প্রাক্তন সতীর্থর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের হয়। তিন তরুণ ক্রিকেটারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। লঙ্কা প্রিমিয়ার লিগের দল জাফনা কিংসের মালিকানা রয়েছে শুভমানের প্রাক্তন সতীর্থ মনজ্যোৎ কালরার হাতে। চলতি বছরের শুরুতেই দলের অংশীদারিত্ব কেনেন তিনি। জাফনা কিংসকে কেন্দ্র করে রীতিমতো অপরাধচক্র শুরু করে ফেলেন মনজ্যোৎ। অভিযোগ, নিজের দলের ক্রিকেটারদেরই ঘুষ দিচ্ছিলেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগে মনজ্যোতের কথামতো কাজ করতে হবে-এটাই ছিল শর্ত। বিনিময়ে বিপুল অর্থ দিতে চেয়েছিলেন ক্রিকেটারদের।

দিনদশেক আগেই টাকা দেওয়ার খবর ঘোরাফেরা করতে শুরু করে শ্রীলঙ্কার ক্রিকেটমহলে। বাধ্য হয়ে লঙ্কা বোর্ডের দ্বারস্থ হন জাতীয় দলের তিন পরিচিত মুখ-ভানুকা রাজাপক্ষে, আবিষ্কা ফার্নান্ডো এবং দুনিথ ওয়েলালাগে। অভিযোগ দায়ের করেন মনজ্যোতের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শ্রীলঙ্কার দুর্নীতিদমন শাখা। সিট গঠন করে তদন্তে নামে পুলিশও। প্রায় ১০ দিন ধরে তদন্ত চলার পর অবশেষে শুক্রবার গ্রেপ্তার করা হয় শুভমানের সতীর্থকে। আদালতেও তোলা হয় তাঁকে।

উল্লেখ্য, ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন মনজ্যোৎ। সেই দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী শ। তবে গোটা টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন শুভমান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নেমেছিল ভারত। সেই ফাইনালে অনবদ্য শতরান করেন মনজ্যোৎ, অপরাজিত ছিলেন ফাইনালে। তারপর আইপিএলে দল পেয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটও খেলেছিলেন। কিন্তু পরবর্তীকালে সেভাবে ক্রিকেটে কেরিয়ার গড়তে পারেননি। এবার দুর্নীতিতে জড়িয়ে পড়লেন মনজ্যোৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement