ভারতীয় দলের বাংলাদেশ (India vs Bangladesh) সফর নিয়ে ফের অনিশ্চয়তা। আগামী মাসে সম্ভবত ওপার বাংলায় যাচ্ছেন না শুভমান গিলরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বৃহস্পতিবার জানিয়েছেন, এই সিরিজ নিয়ে এখনও আলোচনা চলছে। দিনক্ষণের হেরফের হতে পারে। যার অর্থ নির্ধারিত সূচিতে ওই সিরিজ হওয়া সম্ভব নয়।
আগামী মাসেই বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। তার সূচিও ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশ বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে গিয়ে লিটন দাসদের বিরুদ্ধে ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ সিরিজ খেলার কথা ভারতীয় দলের। সেই অনুযায়ী, ভারত-বাংলাদেশ সিরিজের আর ২ সপ্তাহ বাকি। কিন্তু বিসিসিআই এখনও সিরিজের কথা নিশ্চিত করেনি। উলটে ওই তারিখেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার ঘোষণা করে দিয়েছে ভারতীয় বোর্ড।
স্বাভাবিকভাবেই বাংলাদেশ সিরিজ নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। সেই প্রশ্নের মধ্যেই মঙ্গলবার তামিম বললেন, "ভারত সফর নিয়ে দুই দেশেরই আলোচনা চলছে। তারিখ এদিক-ওদিক হতে পারে। যুব দলের প্রতিযোগিতা মীরপুরে হচ্ছে। সেটা দু’মিনিটে বসুন্ধরা গ্রাউন্ডে স্থানান্তরিত করা যেতে পারে। ভারত সফরের সূচি চূড়ান্ত হলেই আমরা যুব দলের সূচি তৈরি করব।" অর্থাৎ বিসিবি সভাপতিও নিশ্চিত নন, আদৌ ওই সিরিজ হবে কিনা। তবে এখনও বাংলাদেশ সিরিজ সরকারিভাবে বাতিল করেনি ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, সরকারের সঙ্গে এখনও বোর্ড কর্তারা যোগাযোগ রাখছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গেও আলোচনা চলছে। সমস্ত দিক খতিয়ে দেখে সরকার অনুমতি দিলে তবেই শুভমান গিলরা বাংলাদেশ সফরে যাবেন। তবে যা পরিস্থিতি তাতে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ওই সিরিজ হওয়া সম্ভব নয়।
গত বছর বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু তৎকালীন সময় বাংলাদেশ সফর বাতিল করে দেয় ভারত। আসলে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের রাজনৈতিক সখ্যতা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ। যা নিয়ে প্রচুর চর্চা চলেছে। আপাতত বিসিবি সেই ক্ষত মেরামতের চেষ্টায়। সেজন্যই এই সিরিজটা করতে মরিয়া বাংলাদেশ বোর্ড।
