ম্যাচ জেতার পর স্টাম্পস বা বল নিয়ে যাওয়াটা ক্রিকেটারদের মধ্যে খুবই প্রচলিত। নির্দিষ্ট ম্যাচ ঘিরে আবেগ থাকে ক্রিকেটারদের। কিন্তু ম্যাচের বলটা কেটে নিয়ে বাড়ি ফেরা! ক্রিকেট ইতিহাসে এমন দৃশ্য সম্ভবত নেই। সেই অভিনব কাণ্ডটা এবার ঘটিয়ে ফেললেন ইংল্যান্ডের দুই পেসার অলি রবিনসন এবং জশ টাং। তাঁদের অদ্ভুতুড়ে আচরণের ভিডিও ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়।
ব্যাপারটা ঠিক কী? বুধবার থেকে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলতে নেমেছে ইংল্যান্ড। বাজবল পরবর্তী যুগে এটাই ইংল্যান্ডের প্রথম টেস্ট। হেডিংলের ওই টেস্টে রীতিমতো আগুন ঝরান পেসাররা। রবিনসন-টাংয়ের পাশাপাশি গাস অ্যাটকিনসন এবং জফ্রা আর্চারের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাক ব্যাটিং লাইন আপ। একমাত্র আবদুল্লা শফিকের ব্যাট থেকে আসে ৬১ রান। পাক তারকাদের মধ্যে আর কেউই হাসেঞ্চুরি পেরতে পারেননি। ৪৯ ওভারের মধ্যে অলআউট হয়ে যায় পাকিস্তান। স্কোরবোর্ডে মাত্র ১৭১ রান।
টেস্টের প্রথমদিন অনবদ্য পারফরম্যান্সে স্বভাবতই ইংরেজ শিবিরে খুশির হাওয়া। রবিনসন এবং টাং দু'জনেই তুলে নেন পাঁচটি করে উইকেট। সেখান থেকেই 'সমস্যা'র সূত্রপাত। এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়া যেকোনও বোলারেরই সুখস্মৃতি। একটা স্মারক তো সকলেই নিয়ে যান। কিন্তু ম্যাচের একটাই বল। সেটা কার কাছে যাবে? সমস্যা সমাধানে এগিয়ে আসেন রবিনসন। স্পষ্ট জানিয়ে দেন, বলটা মাঝামাঝি কেটে দুইভাগ করা হবে। অর্ধেক বল নিয়ে মাঠ ছাড়বেন দুই পেসার।
এহেন প্রস্তাব শুনে জশ প্রথমটা ভেবেছিলেন, মশকরা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত মাঠকর্মী সত্যিই বলটি দুই ভাগে ভাগ করে নেন। অর্ধেক বল হাতে নিয়ে মাঠ ছাড়ছেন পাঁচ উইকেট পাওয়া দুই পেসার, এই দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল। ক্রিকেটপ্রেমীরাও এমন মজার দৃশ্য দেখে হেসে খুন। উল্লেখ্য, ১৮ ওভার বল করে ৫১ রানে পাঁচ উইকেট পেয়েছেন রবিনসন। অপর প্রান্তে টাংয়ের পারফরম্যান্স আরও বিধ্বংসী। ৯.১ ওভার বল করে তিনি পাঁচ উইকেট তুলে নিয়েছেন মাত্র ৪৬ রানে।
