সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের যুদ্ধে আত্মসমর্পণ করেছে পাকিস্তান। তাই এবার মাঠের বাইরে ভারতের বিরুদ্ধে ক্রিকেটীয় যুদ্ধ শুরু করলেন সলমন আলি আঘারা। রবিবার ভারত-পাক (IND vs PAK) ম্যাচ শেষে বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি (Handshake Controversy) ভারতীয় ক্রিকেটাররা। সেই আচরণের বিরুদ্ধে এবার আইসিসির দ্বারস্থ হচ্ছে পিসিবি। জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে তারা অভিযোগ জানিয়েছে। উল্লেখ্য, বর্তমানে এসিসি চেয়ারম্যান পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি।
রবিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল।' পাক বিবৃতিতে আরও বলা হয়, ম্যাচের পর ভারতীয়রা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না, আম্পায়ারের তরফে এমন নির্দেশ ছিল না। তা সত্ত্বেও হাত না মিলিয়েই মাঠ ছাড়েন সূর্যরা।
ভারতীয়দের এই আচরণে ক্ষুব্ধ হয়ে এবার এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাক দল। তাদের বিবৃতিতে বলা হয়েছে, 'পাক দলের ম্যানেজার নাভেদ আক্রম চিমা সরকারিভাবে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। খেলোয়াড় সুলভ আচরণ করেনি ভারত, তাই অভিযোগ জানানো হল।' তবে এই অভিযোগের ভিত্তিতে নকভির নেতৃত্বাধীন এসিসি ভারতের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। গোটা ঘটনা নিয়ে আম্পায়ার অ্যান্ডি পাইক্রফটও কিছু বলেননি।
সূত্রের খবর, ম্যাচ শেষ হওয়ার পরে ভারতীয় ড্রেসিংরুমে গিয়েছিলেন পাক ক্রিকেটাররা। কিন্তু তার আগেই ভারতীয় সাজঘরের দরজা বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ম্যাচ শুরুর আগেই বোর্ডের শীর্ষমহল থেকে সূর্যদের কাছে বার্তা আসে, পাক ক্রিকেটারদের সঙ্গে কেউ যেন হাত না মেলান। ভারতীয় দলের তরফে বোর্ডকে জানিয়ে দেওয়া হয়, দু'দিন আগে থেকেই হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গোটা দল। তবে সেই বিষয়টি আম্পায়ারকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল কিনা, তা এখনও অস্পষ্ট।
