shono
Advertisement
Asian Games cricket

ঘোষিত এশিয়ান গেমস ক্রিকেটের সূচি, একাধিক ভারত-পাক ম্যাচ হওয়ার সম্ভাবনা

এশিয়ান গেমসের সব ম্যাচ হবে টি-২০ ফরম্যাটে। সবকটি ম্যাচকেই আইসিসি স্বীকৃত পূর্ণ আন্তর্জাতিক ম্যাচের তকমা দেওয়া হবে। চার বছর আগে ক্রিকেটের পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।
Published By: Subhajit MandalPosted: 10:32 AM Jul 24, 2026Updated: 10:32 AM Jul 24, 2026

ঘোষণা হয়ে গেল এশিয়ান কাপ ক্রিকেটের সূচির। পুরুষ ও মহিলা দুই বিভাগ ধরলে এশিয়ার বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতায় একাধিকবার ভারত-পাক ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও কোনও বিভাগেই সরাসরি ভারত-পাক ম্যাচ রাখা হয়নি। তবে দুই দল যদি নিজেদের শুরুর দিকের সহজ ম্যাচগুলি জেতে তাহলে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হতেই পারে।

Advertisement

আগেই ঘোষণা করা হয়েছিল, এশিয়ান গেমসের সব ম্যাচ হবে টি-২০ ফরম্যাটে। সবকটি ম্যাচকেই আইসিসি স্বীকৃত পূর্ণ আন্তর্জাতিক ম্যাচের তকমা দেওয়া হবে। সেই মতো ভারত তারুণ্যে ভরা দলও ঘোষণা করেছে। সব ম্যাচ হবে আইচি প্রদেশের কোরোগি অ্যাথলেটিক পার্কে। আগে মেয়েদের প্রতিযোগিতা সম্পন্ন হবে ১৭-২২ সেপ্টেম্বরে। ছেলেদের ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।

মেয়েদের ক্রিকেটে আটটি দল সুযোগ পাচ্ছে। এই বিভাগে সবকটি ম্যাচ হবে নকআউট ফরম্যাটে। অর্থাৎ সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবেন হরমনপ্রীতরা। ভারতের প্রথম প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচে জয়ী দল খেলবে বাংলাদেশ-চিন ম্যাচের বিজয়ীর সঙ্গে। অপর দু’টি কোয়ার্টারে খেলবে শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড। এই বিভাগে একমাত্র ফাইনালে উঠলেই ভারত-পাক মুখোমুখি হতে পারে। সেই ম্যাচ হবে ২২ সেপ্টেম্বর।

ছেলেদের ক্ষেত্রে ফরম্যাটটি একটু আলাদা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সরাসরি মূল কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছটি দল খেলবে বাছাই পর্বে। এই ছয় দলে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান, জাপান এবং নেপাল। গ্রুপ বি-তে রয়েছে হংকং, মালয়েশিয়া এবং ওমান। এই ছয় দলের মধ্যে চার দল মূল পর্বে উঠবে। সেখান থেকেই ঠিক হবে ভারত-সহ অন্য দেশগুলির প্রতিপক্ষ। ছেলেদের বিভাগে ফাইনালে বা সেমিফাইনালে ভারত-পাক মহারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চার বছর আগে ক্রিকেটের পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement