shono
Advertisement
Rohit Sharma

রোহিতের 'বিদায়ী' ম্যাচে টস হার, মহাতারকাকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজালেন শুভমান

রবিবারের লর্ডসই রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ অধ্যায়। গত চারদিন ধরে এই জল্পনাই চলছে ক্রিকেটমহলে। ক্রিকেটপ্রেমীদের মনে ভয়, এটাই শেষ নয় তো? ওয়ানডে'তে এখনও চোখ ধাঁধানো পুল শট মারবেন তো রোহিত?
Published By: Anwesha AdhikaryPosted: 03:14 PM Jul 19, 2026Updated: 03:55 PM Jul 19, 2026

রবিবারের লর্ডসই রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ অধ্যায়! গত চারদিন ধরে এই জল্পনাই চলছে ক্রিকেটমহলে। যদিও ম্যাচের শুরুতে ভারতীয় দলের মধ্যে দিব্যি হাসি ঠাট্টা চলেছে। খোশমেজাজে দেখা গিয়েছে হিটম্যানকেও। তবু ক্রিকেটপ্রেমীদের মনে ভয়, এটাই শেষ নয় তো? ওয়ানডে'তে এখনও চোখ ধাঁধানো পুল শট মারবেন তো রোহিত? হাজারো প্রশ্নের মধ্যেই রবিবার টস করতে নামলেন ভারত অধিনায়ক শুভমান গিল।

Advertisement

জল্পনা চলছিল, হিটম্যানকে নাকি ইতিমধ্যে বিসিসিআই থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিদায়ের কথা। তাঁকে নাকি ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে না। এর মধ্যে লর্ডসে রোহিতের মা-বাবাও খেলা দেখতে আসছেন। তাই চর্চা আরও বেড়েছে। যদিও বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়ার কথায়, “রোহিতের ভবিষ্যৎ নিয়ে সোশাল মিডিয়ায় প্রচুর জলঘোলা চলছে। আমি নিশ্চিত করে জানাতে চাই, রোহিত রবিবার লর্ডসে শেষ ম্যাচ খেলবে, এরকম কোনও আলোচনা বোর্ডের অন্দরে হয়নি।” তবু ভক্তদের মনে আশঙ্কা থেকেই যাচ্ছে।

যদিও এদিন টসের আগে দেখা গেল, হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে হালকাভাবেই কথা বলছেন হিটম্যান। খানিকক্ষণ পরে সেখানে যোগ দেন বিরাট কোহলিও। লর্ডসে রান পাওয়াটা রোহিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এই ম্যাচের উপর ভিত্তি করে তাঁর কেরিয়ারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হাবভাবে মনে হল, মাঠের কোন অঞ্চল দিয়ে রান আসতে পারে সেই আলোচনায় ব্যস্ত ছিলেন ত্রিমূর্তি।

টসে হেরে শুভমানদের প্রথমে বল করতে হবে। এদিন ভারতীয় দলে তিনটি বদল। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। এদিন জানা গেল, মহাতারকা জশপ্রীত বুমরাহও ফিট নন। তাঁর হাঁটু ফুলেছে। খেলছেন না শিবম দুবেও। দলে ফিরেছেন কে এল রাহুল, প্রিন্স যাদব এবং অর্শদীপ সিং। আপাতত সিরিজের ফলাফল ১-১। রবিবার যে জিতবে, সিরিজ তার।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, গুর্নুর ব্রার, প্রিন্স যাদব,অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement