সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি বারবার বলেছেন বিশ্বকাপের জন্য তিনি এখন থেকেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চান। ইংল্যান্ড সিরিজে ভারত অধিনায়ক সেটাই করতে চাইছেন। বলা যায়, বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকে শুরু হয়ে গেল। না হলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কেন এত দল নিয়ে কাঁটাছেড়া করতে চায় টিম ম্যানেজমেন্ট। আজ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে গতকাল সাংবাদিক সন্মেলনে রোহিত শর্মাকে প্রথম প্রশ্নটাই করা হল বিশ্বকাপ নিয়ে। ভারতীয় ওপেনার স্বীকার করে নিলেন বিশ্বকাপের আগে এই সিরিজগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ। রোহিত বললেন, “একবছর পর এখানেই বিশ্বকাপ। আমাদের কাছে প্রস্তুতির ভাল সুযোগ রয়েছে। কম্বিনেশন কী হবে, সেসব দেখার সুযোগ থাকছে। দেশ হোক বা বাইরে, শেষ এক-দেড় বছর অনেক ওয়ান ডে ম্যাচ খেলছি। এই সিরিজটাও বড় চ্যালেঞ্জ। টিম হিসাবে আমরা কোথায় দাঁড়িয়ে, কী কী করতে হবে, সব দেখে নেওয়া যাবে।”
[‘৩০০ ম্যাচ খেলেছি, আমাকে কি পাগল মনে হয়?’ কেন মেজাজ হারিয়েছিলেন ধোনি?]
টিম নিয়েও পারমুটেশন-কম্বিনেশন চলছে। বিশেষ করে ব্যাটিং অর্ডার নিয়ে এতদিন তিন নম্বরে বিরাট ব্যাট করেছেন লোকেশ রাহুল আসার পর সেটা বদলাচ্ছে। টি-২০ সিরিজে রাহুল তিনে এসেছেন। বিরাট চারে। একদিনের সিরিজেও তেমন কিছু হতে পারে। কোহলি ইঙ্গিত দিয়ে রাখলেন। যদিও রোহিত স্পষ্ট করে কিছু বলতে চাইলেন না। বলে গেলেন, “এটা টিমের সিদ্ধান্ত। দেখতে হবে ক্যাপ্টেন নিজে কোথায় ব্যাট করতে চাইছে। রাহুল দুর্দান্ত ফর্মে। ভাল ক্রিকেটার যে পজিশনেও ব্যাট করুক না কেন, কিছু না কিছু করবেই।” শোনা যাচ্ছে, বিরাট সম্ভবত চারে ব্যাট করতে নামবেন। বৃহস্পতিবার কোহলিরা এমন একটা মাঠে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছেন, যেখানে ক’দিন আগেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছে ইংল্যান্ড। ওয়ান ডে-র সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে। ব্যাপারটা টিমের মাথায় আছে। এই ম্যাচেও ট্রেন্টব্রিজের উইকেটের চরিত্রে বদল আসছে না। শোনা গেল, বৃহস্পতিবারও বাইশ গজে প্রচুর রান হবে। ভারতীয় টিমও চাইছে রান তাড়া করতে। হলে যেন দেখেশুনে এগোনো যায়। রোহিত বলছিলেন, “ চাইব রান তাড়া করতে। আসলে এই টিমটা রান তাড়া করতে পছন্দ করে। এই মাঠে প্রচুর রান-টান হয়। তবে টসে জেতা-হারার ব্যাপারটা আমাদের হাতে নেই। যদি আগে ব্যাট করি, তাহলে চারশো টার্গেট নিয়ে শুরু থেকেই মারমার কাট-কাট ক্রিকেট খেলতে হবে, তার কোনও মানে নেই।”
[অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে মোহনবাগানে নির্বাচন, নির্দেশ আদালতের]
শোনা গেল, যুঝবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদব, দুই রিস্ট স্পিনারের সঙ্গে দুই পেসার নিয়ে নামতে পারেন বিরাট। থার্ড সিমারের দায়িত্ব হার্দিক পাণ্ডিয়ার। ভুবনেশ্বর ফিট থাকলে খেলবেন। সঙ্গে উমেশ যাদব। তিন পেসার খেললে সিদ্ধার্থ কউল বা শার্দূল ঠাকুরের মধ্যে একজন আসতে পারেন। ব্রিস্টলে শেষ টি-২০ ম্যাচে কুলদীপকে না খেলানো নিয়ে কথা উঠেছে। প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, সিদ্ধান্ত অবাক করার মতো। রোহিতকেও একই প্রশ্নের সামনে পড়তে হল। বললেন, “এটা ক্যাপ্টেন আর কোচের ব্যাপার। বিশেষ করে ক্যাপ্টেনের। কী কম্বিনেশন নিয়ে নামতে চান, সেটা তো তিনিই বলবেন। ওয়ান ডে সিরিজে কুলদীপকে রাখা হয়েছে। এই ফরম্যাটে বেশি সুযোগ পাবে। দশ ওভার বল করবে। উইকেট যেমনই হোক, কুলদীপ প্রতিপক্ষকে চাপে রাখে। দক্ষিণ আফ্রিকার মাঠে সফল হয়েছে। আশা করি ইংল্যান্ডের উইকেটে টার্ন-বাউন্স পাবে। ব্যাটসম্যানদের চাপে রাখবে।” বিরাট সেটাই চাইছেন। সিরিজটা যত না ভুবনেশ্বর কুমার বনাম জয় বাটলার কিংবা উমেশ যাদব বনাম জো রুট হতে চলেছে, তার চেয়ে অনেক বেশি ভারতীয় স্পিন বনাম ইংল্যান্ড ব্যাটিং।
The post প্রথম একদিনের ম্যাচে স্পিন অস্ত্রেই ইংল্যান্ডকে কাবু করতে চায় ভারত appeared first on Sangbad Pratidin.
