সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনে দুই ম্যাচ। প্রথম ম্যাচের হ্যাংওভার কাটতে না কাটতেই আজ ফের ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামতে হচ্ছে বিরাটদের। সব ঠিক থাকলে আজই হয়তো সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে পারে ভারত। প্রথমে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন তাতে আজও ভারতকেই অবিসংবাদী ফেভরিট বলতে হবে। কোহলিদের চিন্তা শুধু দলের হতশ্রী ব্যাটিং। প্রথম ম্যাচে মাত্র ৯৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একপ্রকার ল্যাজেগোবরে হয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার ২৫ বলে ২৪ রানের ইনিংস ছিল ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর। যা দ্বিতীয় ম্যাচে নামার আগে মাথাব্যথার কারণ টিম ম্যানেজমেন্টের।
[আরও পড়ুন: হতাশ করলেন ভারতীয় ব্যাটসম্যানরা, দুর্বল ওয়েস্ট ইন্ডিজের কাছে কষ্টার্জিত জয় কোহলিদের]
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও তরুণদের সুযোগ দেওয়ার ধারা অব্যাহত রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। যদিও, প্রথম ম্যাচে সুযোগ পাওয়া ব্যাটসম্যানদের অধিকাংশই সুযোগ কাজে লাগাতে পারেননি। সবচেয়ে হতাশ করেছেন মণীশ পাণ্ডে। শুরুটা ভাল করেও বড় রান করা বা দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া… কোনওটাই করতে পারেননি তিনি। তবে, রবিবার আরও একটি সুযোগ পেতে পারেন তিনি। আজ ভাল পারফর্ম না করতে পারলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠবেই। কারণ, প্রথম একাদশে খেলার জন্য মুখিয়ে আছেন শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা। একই সঙ্গে ধোনির পরিবর্ত হিসেবে প্রথম একাদশে আসা ঋষভ পন্থও চাইবেন রবিবার অন্তত কিছু রানের মুখ দেখতে। কারণ, প্রথম ম্যাচে যেভাবে প্রথম বলেই তাঁকে ফিরতে হয়েছে, তা ভালভাবে নিচ্ছে না ম্যানেজমেন্ট। ব্যাট হাতে রান পেতে চাইবেন বিরাট কোহলিও। বিশ্বকাপে লাগাতার কয়েকটি অর্ধশতরান করলেও চেনা ছন্দে যে বিরাটকে দেখা যায়নি তা স্বীকার করবেন তাঁর অনুরাগীরাও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেও যেন নিজেকে খুঁজে পাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক।
[আরও পড়ুন: কোহলিকে নিয়ে মশকরা, নেটিজেনদের রোষের মুখে কিউয়ি তারকা]
ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও আপাতত বোলিং নিয়ে কোনও চিন্তা করতে হচ্ছে না টিম ম্যানেজমেন্টকে। কারণ, প্রথম ম্যাচে সুযোগ পেয়েই দুর্দান্ত পারফর্ম করেছেন নবদীপ সাইনি এবং খলিল আহমেদ। ক্রুণাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজারাও দুর্দান্ত বোলিং করেছেন। তবে, প্রথম ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা যেভাবে উইকেট ছুঁড়ে দিচ্ছিলেন সেই ভুল তাঁরা আর করবেন না বলেই আশা ওয়েস্ট ইন্ডিজ শিবিরের। ফলে, দ্বিতীয় ম্যাচে আর একটু সতর্ক হতে হবে ভারতীয় বোলারদের।
The post ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.
