বাকি মাত্র দুই ম্যাচ। জিততে হবে দুই ম্যাচেই। কেকেআরের প্লে অফে ওঠার অঙ্কটা একেবারে জলের মতো পরিষ্কার। যদিও কাজটা নাইটদের পক্ষে বেশ কঠিন। এই মরণবাঁচন ম্যাচে টস জিতলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে এই ম্যাচে নাইট শিবিরের মাথাব্যথা বাড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া। ইডেন গার্ডেন্সে তাঁর পারফরম্যান্স বেশ ভালো।
চলতি আইপিএলের (IPL 2026) সবচেয়ে বড়সড় বিতর্কটা সম্ভবত বেঁধেছে হার্দিককে ঘিরেই। টুর্নামেন্টের মাঝপথে দিনের পর দিন তিনি খেলতে নামেননি। দলের তরফে সরকারি দাবি ছিল, হার্দিকের পিঠে চোট রয়েছে সেকারণেই মাঠে নামা সম্ভব নয়। যদিও হার্দিক আলাদা করে অনুশীলন করতেন। গুঞ্জন শোনা যাচ্ছিল, মুম্বই শিবিরে কেউই হার্দিককে পছন্দ করছেন না। অধিনায়ক হলেও তিনি দলের মধ্যে একঘরে। বিতর্কের আবহে বুধবার তিনি আবারও ফিরলেন আইপিএলে। মাঠে নেমেই তাঁর মন্তব্য, 'আই অ্যাম ব্যাক'।
প্রত্যাবর্তনে অবশ্য টস হারলেন হার্দিক। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক রাহানে। জানালেন, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দল খুবই ভালো ক্রিকেট খেলেছে। যেভাবে গোটা দল ঘুরে দাঁড়িয়েছে, সেটা নিয়েও গর্বিত বোধ করছেন বলে জানান রাহানে। নাইট অধিনায়ক জানিয়ে দিলেন, দুটো ম্যাচ জেতার লক্ষ্যেই ঝাঁপাচ্ছে গোটা দল। আপাতত একটা করে ম্যাচে ফোকাস করছেন তাঁরা। তবে এই ম্যাচেও খেলছেন বরুণ চক্রবর্তী। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। তবে দলের মরণবাঁচন ম্যাচে যন্ত্রণা নিয়েই খেলবেন রহস্য স্পিনার। গুজরাট ম্যাচের দলটাই খেলবে বুধবারের ইডেনে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারেন আগের ম্যাচে ঝড় তোলা ফিন অ্যালেন।
কেকেআর প্রথম একাদশ: অজিঙ্ক রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, রিংকু সিং, সুনীল নারিন, অনুকূল রায়, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী, সৌরভ দুবে
মুম্বই ইন্ডিয়ান্স প্রথম একাদশ: রায়ান রিকেলটন, রোহিত শর্মা, নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, উইল জ্যাকস, করবিন বশ, দীপক চাহার, জশপ্রীত বুমরাহ, রঘু শর্মা
