ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং দামি ক্রিকেট লিগ। অন্যান্য খেলার সঙ্গে প্রতিযোগিতাতেও পিছিয়ে নেই আইপিএল। বিশ্বের জনপ্রিয়তম লিগগুলির মধ্যে প্রথম তিনেই নাম রয়েছে কোটি টাকার টুর্নামেন্টের। কিন্তু আইপিএলের আজকের এই মহীরুহ হয়ে ওঠার নেপথ্যে যিনি রয়েছেন, সেই ললিত মোদি আরও ১০ বছর আগে আইপিএলের ধাঁচে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করতে চেয়েছিলেন। যদিও শেষমেশ সেটা হয়নি।
২০০৮ সালে শুরু হয় আইপিএল (IPL 2026)। এই ফ্র্যাঞ্চাইজি লিগের অন্যতম কারিগর ছিলেন ললিত মোদি। তবে তাঁর মাথায় এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগের ভাবনা ঘুরপাক করছিল ক্রিকেটের বিশ্বায়নের আগে থেকেই। সেই ১৯৯৮-৯৯ সালেই তিনি আইপিএলের ধাঁচে ফ্র্যাঞ্চাইজি লিগ গঠনের চিন্তাভাবনা শুরু করেছিলেন। তখনও টি-২০ ক্রিকেট আসেনি। ওয়ানডে ক্রিকেটেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ করতে চেয়েছিলেন ললিত মোদি। সম্প্রতি এই বিস্ফোরক তথ্য ফাঁস করছেন প্রাক্তন ভারতীয় তারকা সাবা করিম।
তিনি জানিয়েছেন, ১৯৯৮ সালে ললিত মোদি ভারতের ঘরোয়া ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজির ধাঁচে লিগ শুরু করতে চান। সেসময় টি-২০ ছিল না। ওয়ানডে ফরম্যাটেই ওই লিগ চালুর পরিকল্পনা ছিল। 'হিসাব ছিল, রাজ্যের ক্রিকেটার এবং দু-তিন জন বাইরের ক্রিকেটার নিয়ে লিগ করানোর। সেই মতো বাংলার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হয়। কয়েকজন চুক্তিও করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত সেই কথাবার্তা এগোয়নি। সম্ভবত বোর্ডের অন্যান্য কর্তারা সেসময় আগ্রহী ছিলেন না। ফলে লিগ আর বাস্তবায়িত হয়নি।
ললিত মোদির আইডিয়া বাস্তবায়িত হলে, সেই ১৯৯৮ সালেই শুরু হয়ে যেতে পারত আইপিএলের মতো লিগ। ২০০৮ সালে শুরুর পরই আইপিএল এখন বিশ্বের অন্যতম বৃহত্তম স্পোর্টস ব্র্যান্ড। ভাবুন একবার এই লিগ যদি ১৯৯৮ সালে শুরু হত, তাহলে ব্র্যান্ড ভ্যালু কোথায় গিয়ে পৌঁছত। অবশ্য অনেকে বলছেন, যা হয়নি, সেটা ভালোর জন্যই হয়নি। নাহলে ওই সময় এত ক্রিকেট চালু হয়ে গেলে, ক্রিকেটের মিষ্টতাটাই হারিয়ে যেত।
