shono
Advertisement

Breaking News

Rishabh Pant

২৭ কোটির গজনি! একের পর এক ম্যাচে পন্থের 'দিশাহীন' নেতৃত্ব, 'ভুলো মন'কে কটাক্ষ নেটিজেনদের

ব্যাট হাতে যেমন খারাপ ফর্ম, তেমনি জঘন্য অধিনায়কত্ব করছেন পন্থ। রবিবারের ম্যাচের পর তাঁকে কটাক্ষ করেছেন কিংবদন্তি অনিল কুম্বলেও।
Published By: Anwesha AdhikaryPosted: 10:30 AM Apr 20, 2026Updated: 10:48 AM Apr 20, 2026

পয়েন্ট টেবিলে ক্রমশ নামছে লখনউ সুপার জায়ান্টসের অবস্থান। রবিবার পাঞ্জাব কিংসের কাছেও হেরেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। হারের হ্যাটট্রিক করে ফেললেন ঋষভ পন্থরা। তারপর থেকেই প্রশ্ন উঠছে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটারকে নিয়ে। ব্যাট হাতে যেমন খারাপ ফর্ম, তেমনি জঘন্য অধিনায়কত্ব করছেন পন্থ। রবিবারের ম্যাচের পর তাঁকে কটাক্ষ করেছেন কিংবদন্তি অনিল কুম্বলেও।

Advertisement

গত বছর আইপিএল ফাইনালটা এখনও যন্ত্রণা দেয় পাঞ্জাব কিংসকে। তাই এবছর যেন আরও নৃশংস, আরও নির্মম হয়ে উঠেছে তারা। রবিবারের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও সংহারমূর্তি ধারণ করেন পাঞ্জাবের ওপেনিং জুটি প্রিয়াংশ আর্য এবং কুপার কনোলি। ৩৭ বলে ৯৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন প্রিয়াংশ। অন্যদিকে কুপারের সংগ্রহ ৪৬ বলে ৮৭। দু'জনের ৮০ বলে ১৮২ রানের জুটিতেই ম্যাচ চলে যায় পাঞ্জাবের ঝুলিতে। তবে ক্রিকেটবোদ্ধাদের অনেকেই মনে করছেন, দুই ব্যাটারের এহেন ঝোড়ো ব্যাটিংয়ের নেপথ্যে পন্থের দিশাহীন নেতৃত্ব একটা অন্যতম বড় কারণ।

রবিবারের ম্যাচে লখনউয়ের অন্য়তম সেরা স্পিনার দিগ্বেশ রাঠিকে প্রথম একাদশেই রাখা হয়নি। তার বদলে খেললেন এম সিদ্ধার্থ। তখন থেকেই নেটদুনিয়ায় চর্চা, পন্থ কি ভুলে গিয়েছেন রাঠির পারফরম্যান্স? খেলা শুরু হওয়ার পর দেখা গেল, পন্থ অনেক কিছুই ভুলে মেরে দিয়েছেন। পাওয়ার প্লে'তে পেসাররা যখন বেধড়ক মার খাচ্ছেন, ওভারপ্রতি দশেরও বেশি রান তুলছেন পাঞ্জাব ওপেনাররা, তখনও স্পিনের দেখা নাই। অন্য সব দল যেখানে পাওয়ার প্লে'তে অন্তত একটা ওভার স্পিনারকে দিচ্ছে, সেখানে টানা ৬ ওভার পেস আনলেন পন্থ। হাত খুললেন প্রিয়াংশরা।

শেষ পর্যন্ত সপ্তম ওভারে স্পিন আক্রমণ শুরু করালেন পন্থ, সেটা আবার পার্টটাইম আয়ুষ বাদোনিকে দিয়ে। তাঁকেও দুরমুশ করল পাঞ্জাবের ওপেনিং জুটি। অষ্টম ওভারে এসেই নাটকীয় কিছু করা সম্ভব ছিল না সিদ্ধার্থের। তাঁকে দিয়ে চারটে ওভারও করালেন না পন্থ। সব দেখেশুনে নেটিজেনরা বলছেন, পন্থ আসলে স্পিনারদের কথা একেবারে ভুলে গিয়েছেন। কে স্পিনার, কখন স্পিনার আনতে হবে-কিছুই মনে নেই তাঁর। কুম্বলে মনে করিয়ে দিলেন, 'পাওয়ার প্লে'তে সিদ্ধার্থ ভালো বল করে। কিন্তু ওকে চারটে ওভারও দেওয়া হল না।" উল্লেখ্য, বিধ্বংসী হয়ে ওঠা প্রিয়াংশকেও আউট করেছেন সিদ্ধার্থ। চোখের সামনে সেটা দেখেও সিদ্ধার্থকে দিয়ে চার ওভার বল করাতে ভুলে গেলেন পন্থ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement