shono
Advertisement
Sunil Narine

নাইটদের 'জাদুকর' নারিনের ঐতিহাসিক কীর্তি, উচ্ছ্বসিত শাহরুখ বললেন...

কেকেআর বোলিং লাইন আপের আদি ও অকৃত্রিম ভরসার জায়গা নারিন। এক যুগের বেশি সময় ধরে তিনি নাইটদের ম্যাচ জিতিয়ে আসছেন। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান।
Published By: Prasenjit DuttaPosted: 08:49 AM May 04, 2026Updated: 08:51 AM May 04, 2026

আইপিএল ইতিহাসে কতিপয় বোলারের দু'শো উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। রবিবারের আগে পর্যন্ত যে কৃতিত্ব ছিল মাত্র দু'জনের। রবিবার সেই তালিকায় নিজের নাম তুলে ফেললেন সুনীল নারিন। এরপর নাইট তারকাকে আবেগঘন শুভেচ্ছা জানালেন দলের মালিক শাহরুখ খান। 

Advertisement

কেকেআর বোলিং লাইন আপের আদি ও অকৃত্রিম ভরসার জায়গা নারিন। এক যুগের বেশি সময় ধরে তিনি নাইটদের ম্যাচ জিতিয়ে আসছেন। ঈষৎ গম্ভীর মুখ, হাজার সাফল্যেও উচ্ছ্বাস নেই, মুখ বুজে নিজের কাজটা করে যান। প্রায় দেড় ওভার হাতে রেখে সানরাইজার্সকে ৭ উইকেটে হারিয়েছে কেকেআর! আইপিএলে জয়ের হ্যাটট্রিক করে। সেই ম্যাচে দু'টো উইকেট নিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

২০১২ সালের নিলামে কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিনকে ৩.৫ কোটি টাকায় কিনেছিল। তিনিই আজ দলের মহীরুহ। সেই তিনিই আইপিএলের দু'শো উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন। এরপর কেকেআরে নারিনের দীর্ঘ অবদানের কথা স্মরণ করে বলিউড বাদশা লেখেন, 'আমার বন্ধু সুনীল... ১৫ মরশুম, ২০০-র বেশি উইকেট, ৩টি শিরোপা এবং বিশ্বের নানা প্রান্তে নাইট রাইডার্স পরিবারের সঙ্গে আরও অনেক সাফল্য।'

১৯৭ ম্যাচে ২০০তম উইকেটটি পেয়েছেন নাইটদের স্পিন জাদুকর। আইপিএল ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে ২০০-র ক্লাবে ঢুকে পড়লেন তিনি। এর আগে কোটি টাকার লিগে যুজবেন্দ্র চাহাল ২২৮টি উইকেট নিয়েছেন, ভুবনেশ্বর কুমার নিয়েছেন ২১৫টি উইকেট। এঁদের দু'জনের থেকে অনেক কম হারে রান দেন নারিন। তাঁর গড়ও ভালো। শাহরুখ আরও লেখেন, 'তুমি একজন জাদুকর। আমরা তোমাকে পরিবারের একজন সদস্যের মতোই ভালোবাসি। আজ এবং সবসময় তোমার জন্য রইল এক বড় আলিঙ্গন। সুস্থ থাকো, হাসিখুশি থাকো।'

টানা তিন ম্যাচ জয়ের পর নাইটভক্তদের মনে প্লে-অফ নিয়ে আশার আলো ফুটছে। আপাতত নাইটদের হাতে পড়ে রয়েছে পাঁচটি ম্যাচ। এর মধ্যে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া প্রত্যেকটি ম্যাচই বেশ কঠিন নাইটদের পক্ষে। সবক'টা ম্যাচ জিতে গেলে কেকেআর পৌঁছে যাবে ১৭ পয়েন্টে। তাহলে প্লে-অফ নিশ্চিত। কিন্তু একটা ম্যাচে হারলেই চাপ বাড়বে। সেক্ষেত্রে নেট রান রেটের অঙ্ক চলে আসতে পারে। ২০১৪ সালে টানা সাত ম্যাচ জিতে কেকেআর প্লে-অফে উঠেছিল। সেবার অধিনায়ক গৌতম গম্ভীরের হাত ধরে নাইটদের ঘরে আসে দ্বিতীয় আইপিএল। ২০২১ সালেও টানা চার ম্যাচ হারের পর কেকেআর পৌঁছেছিল আইপিএল ফাইনালে। ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় নাইট ভক্তকুল। তাঁরা বলছেন, যে দলে নারিনের মতো ব্রহ্মাস্ত্র রয়েছে, তাদের পক্ষে সব সম্ভব। এরই মাঝে ক্যারিবিয়ান তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন শাহরুখ খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement