জশপ্রীত বুমরাহ থেকে ট্রেন্ট বোল্ট-বিশ্বত্রাস বোলারদের প্রথম বলেই ছক্কা হাঁকানোয় হাত পাকিয়ে ফেলেছে বৈভব সূর্যবংশী। শনিবাসরীয় জয়পুরে সেই তালিকায় নাম তুললেন প্যাট কামিন্স। রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়েই আইপিএলে প্রত্যাবর্তন হল অস্ট্রেলীয় মহাতারকার। প্রথমবার কামিন্সের ডেলিভারির মুখোমুখি হয়েই বল গ্যালারিতে পাঠালেন বৈভব। সেই ছক্কা হজম করার পর অজি টেস্ট অধিনায়ক বলে দিলেন, বৈভবই তাঁর প্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন।
অবশ্য শুধু কামিন্সকে নয়, শনিবার সানরাইজার্সের সব বোলারকেই কমবেশি আড়ংধোলাই দিয়েছে বৈভব। প্রথম ওভারেই প্রফুল্ল হিঙ্গেকে টানা চারবার গ্যালারিতে ফেলল। পুরো সময়টাই এমন খুনে মেজাজে ব্যাট করে গেল বছর পনেরের এই ওপেনার। পনেরো বলে হাফ সেঞ্চুরি, তিন অঙ্কে পৌঁছাল ৩৬ বলে। গত বছর নিজের প্রথম সেঞ্চুরিতে প্রতিযোগিতায় কোনও ভারতীয়ের দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিল বৈভব, ৩৫ বলে। এদিন নিজের দ্বিতীয় সেঞ্চুরির ক্ষেত্রে একটা বল বেশি নিল। তার ১০৩ রানের ইনিংস সাজানো ছিল পাঁচটা চার এবং এক ডজন ছক্কায়। স্ট্রাইক রেট পৌনে তিনশোর বেশি।
এ হেন খুনে ইনিংস চাক্ষুস করার পর অজি অধিনায়ক যে মুগ্ধ হবেন সেটাই প্রত্যাশিত ছিল। ম্যাচ শেষে তিনি অকপটে বলে দিলেন, "এখন বৈভবই আমার প্রিয় ক্রিকেটার।" কামিন্সের কথায়, "ও এত জোরে বলটা মারে, আর সবকটা বল বহু দূরে দূরে পাঠাচ্ছে। দেখতে দারুন লাগছে।" বোলার হিসাবে বৈভবকে বল করাটা কতটা কঠিন? কামিন্স বললেন, "খুব ভালো লাইন লেংথে বল রাখতে হচ্ছে। সেটা না করলে ও বিরাট ছক্কা হাঁকাবে। যেভাবে ওঁর কেরিয়ারের শুরুটা হল, সেটা অনবদ্য। খুব ভালো লাগছে ওকে দেখে।"
কামিন্স তো ভূয়সী প্রশংসা করলেন কিন্তু বৈভব পরের ম্যাচে খেলবে তো? প্রশ্ন ঘোরাফেরা করছে রাজস্থান ভক্তদের মধ্যে। কারণ সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান ধরে বিস্ময় প্রতিভার। চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়। ম্যাচের পর রাজস্থানের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর অবশ্য ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, বৈভবের হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা লেগেছিল। এখন ভাল আছে। প্রাথমিক ভাবে গুরুতর কিছু নয় বলেই মনে হচ্ছে।
