shono
Advertisement
IPL 2026

'কালা জাদু' করে চেন্নাইকে হারিয়েছে হায়দরাবাদ! ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা

ঘরের মাঠে জিতে প্লেঅফের দৌড়ে বেশ ভালোমতোই ঢুকে পড়েছেন ঈশান কিষানরা। কিন্তু এর নেপথ্যে কি 'কালা জাদু'? যা নিয়ে চলছে জোর চর্চা।
Published By: Prasenjit DuttaPosted: 08:56 PM Apr 19, 2026Updated: 12:12 AM Apr 20, 2026

টানা দুই জয়ে আশা জেগেছিল। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে তা ফের নিভে গেল চেন্নাই সুপার কিংসের। বরং ঘরের মাঠে জিতে প্লেঅফের দৌড়ে বেশ ভালোমতোই ঢুকে পড়েছেন ঈশান কিষানরা। কিন্তু এর নেপথ্যে কি 'কালা জাদু'? যা নিয়ে চলছে জোর চর্চা।

Advertisement

ঠিক কী হয়েছে? সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে অদ্ভুত এক সমর্থককে দেখা গেল গ্যালারিতে বসে তুকতাক করতে। তাঁকে দেখা গেল, হাতে পাতিলেবু নিয়ে মন্ত্র পড়তে। সেই সময় ব্যাটিং করছিলেন সিএসকের শিবম দুবে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, সানরাইজার্স গ্যালারিতে বসে এক ব্যক্তি। তার হাতে লেবু। তিনি লেবু নিয়ে প্রণাম করে পরক্ষণেই তা মাঠের দিকে ছুড়ে দেওয়ার ভঙ্গি করেন।

এর ঠিক পরেই সাকিব হুসেনের বলে বোল্ড হন শিবম দুবে (২১)। তিনি আউট হতেই ম্যাচ ঘুরে যায় হায়দরাদের দিকে। ফিনিশিংয়ের অভাবে ভুগল চেন্নাই সুপার কিংস। শুরুটা ভালো হল না, শেষটাও নয়। সঞ্জু স্যামসন (৭) এদিন রান পাননি। রুতুরাজ গায়কোয়ারও (১৯) পথ দেখাতে পারলেন না। অধিনায়কের অফ অর্ম অব্যাহত। এই পরিস্থিতিতে সেই একজনই ভরসা- আয়ুষ মাত্রে। ম্যাট শর্ট ৩৪ রান করলেন ঠিকই, নিলেন ৩০ বল। ফলে রানের পাহাড় ঘাড়ে চেপে বসল। শিবম দুবের (২১) উইকেট একেবারে ছিটকে দিলেন সাকিব হুসেন। এবারের আইপিএলের অন্যতম আবিষ্কার একটাই সাফল্য পেলেন। সেখানে প্রফুল্ল হিঙ্গে দেদার রান বিলোলেন। কিন্তু শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

যদিও এত সবের পর ওই সমর্থকের 'কীর্তি' নিয়ে চর্চা অব্যাহত। অনেকেই বলেছেন, সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের দক্ষতায় ম্যাচ জিতেছে। এখানে কোনও কালা জাদু কাজ করেনি। এক নেটিজেন মজা করে বলছেন, 'এই ফ্যানকে পরের ম্যাচেও মাঠে বসাও, ভাগ্য খুলে যাবে!' আরেকজন লিখছেন, 'ভিডিওটা মজার ঠিকই। কিন্তু ম্যাচ জেতার আসল কারণ হায়দরাবাদের পারফরম্যান্স। এর সঙ্গে কোনও কালো জাদুর সম্পর্ক নেই।' আরেক ইউজারের কথায়, 'শিবম দুবে আউট হয়েছেন বলের গুণে, লেবুর কারণে নয়!' সবশেষে বলে রাখা ভালো, এই ধরনের ভিডিওর কোনও সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন'। এই ধরনের মন্তব্য বা মূল্যায়ন পুরোটাই নেটিজেনদের জল্পনা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement