shono
Advertisement

Breaking News

Arjun Tendulkar

মেলেনি খেলার সুযোগ, সতীর্থদের জন্য ওয়াটার বয় অর্জুন, 'দম্ভহীন' শচীনপুত্রর প্রশংসায় নেটপাড়া

মহম্মদ শামির দুর্ধর্ষ বোলিং, ঋষভ পন্থের অধিনায়কোচিত ইনিংসের সৌজন্যে সানরাইজার্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে লখনউ। গোয়েঙ্কার দলের জয় নিয়েও যেমন আলোচনা চলছে, তেমনই দলে সুযোগ না পেয়েও আলোচনার কেন্দ্রে শচীনপুত্র।
Published By: Prasenjit DuttaPosted: 05:38 PM Apr 06, 2026Updated: 08:41 AM Apr 07, 2026

বাবার নাম শচীন তেণ্ডুলকর। কিংবদন্তি ক্রিকেটারের ছেলের উপর চাপ থাকবে খুবই স্বাভাবিক। সেই উচ্চতায় উঠতে পারেননি অর্জুন তেণ্ডুলকর (Arjun Tendulkar)। সমালোচনা হলে কি সেসব নিয়ে ভয় পান শচীন-পুত্র? তা পান না। কারণ তিনি নিয়মিত পরিশ্রম করেন। নিজের পরিশ্রমেই ক্রিকেটে জায়গা করে নিয়েছেন। বাবার পরিচয়ে নয়। যা নিয়ে নেটপাড়ায় চর্চা শুরু হয়েছে। এবং এই চর্চা আরও বেড়েছে রোববার লখনউ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর।

Advertisement

মহম্মদ শামির দুর্ধর্ষ বোলিং, ঋষভ পন্থের অধিনায়কোচিত ইনিংসের সৌজন্যে সানরাইজার্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে লখনউ। গোয়েঙ্কার দলের জয় নিয়েও যেমন আলোচনা চলছে, তেমনই দলে সুযোগ না পেয়েও আলোচনার কেন্দ্রে শচীনপুত্র। সুযোগ না পেলেও তিনি টিমম্যান। মাঠে না নামলেও তাঁকে দেখা গিয়েছে 'ওয়াটার বয়'-এর ভূমিকা পালন করতে, সতীর্থদের জন্য পানীয় নিয়ে ছুটে যেতে।

অনেকের কাছেই এটা অবাক করার মতো দৃশ্য। কিন্তু যাঁরা অর্জুনকে কাছ থেকে দেখছেন, তাঁদের মতে, এটাই একজন প্রকৃত পেশাদার ক্রিকেটারের মানসিকতা। দলে জায়গা না পেলেও কোনও রকম অহংকার বা হতাশা নয়, বরং শেখার ইচ্ছা আর কঠোর পরিশ্রমই তাঁর মূল পুঁজি। নেটিজেনরা বলছেন, 'চাইলে বাবার নামেই বিলাসবহুল জীবন কাটাতে পারতেন অর্জুন। কিন্তু অর্জুনের এই মনোভাবই বুঝিয়ে দিচ্ছে, নিজের যোগ্যতায় জায়গা করে নিতে চান তিনি।'

কেউ বলছেন, 'বাবার বিশাল প্রভাব-প্রতিপত্তিকে কাজে লাগাতে পারতেন। কিংবা ধনকুবের ব্যবসায়ীদের মতো চাইলেই আইপিএলের কোনও দলের শেয়ার কিনতে পারতেন। কিন্তু সেসব থেকে বেরিয়ে এসে অর্জুন নিশ্চয়ই বুঝতে পারছেন, নিজের পরিচয় গড়ার এই লড়াই সহজ নয়। তবু ও পিছিয়ে পড়ছেন না।' আরেকজন লিখছেন, 'এই মুহূর্তে নববিবাহিতা স্ত্রীর সঙ্গে হানিমুন যেতে পারতেন। কিন্তু কোনও রকম শর্টকাট না নিয়ে সতীর্থদের জন্য জল বইছেন।' অন্য ইউজারের কথায়, 'এই ধৈর্য ও পরিশ্রমই একদিন অর্জুনকে বড় মঞ্চে সফল করে তুলতে পারে। কারণ নিজের লড়াই নিজে লড়ছেন।'

সম্প্রতি যুবরাজ সিং বলেছিলেন, “অর্জুন খুব ভদ্র ছেলে, দ্রুত শেখে। যেভাবে পরিশ্রম করতে পারে, তা সত্যিই অবাক করার মতো। আমি নিজেও হয়তো এতটা পরিশ্রম করতাম না।” সেটাই ক্রমশ করে চলেছেন শচীনপুত্র। নেটেও ঘাম ঝরাচ্ছেন। আশা একটাই, সুযোগ একদিন মিলবেই। তাই ‘অভিমান’ নয়, মাথা ঠান্ডা রেখে পরিশ্রমকেই মন্ত্র করেছেন অর্জুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement