সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০ রানে হারের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি নামের ৪৪ বছর বয়সি ফিনিশারকে কি মিস করছে চেন্নাই সুপার কিংস? প্রশ্নটা উঠে গিয়েছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সাতে সিএসকে। অনেকেই বলছেন, এই পরিস্থিতিতে দলের হাল ফেরাতে পারেন একমাত্র মাহি। জন্য খেলতে পারছেন না তিনি। কবে ফিরবেন মাহি? সমস্যা হল, হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য খেলতে পারছেন না তিনি। কবে ফিরবেন মাহি? আশার কথা শুনিয়েছেন, চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।
প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন তিনি। সেই কারণে প্রথম ছয় ম্যাচে খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল, আইপিএলের প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না এমএসডি। কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে আগে নেটে দেখা যায় তাঁকে। চেন্নাইয়ের অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিং-সহ হালকা ফিটনেস ড্রিলের উপর মনোযোগ দিতে দেখা যায়। তাছাড়াও দলের বাকিদের পরামর্শও দেন ‘থালা’। তখনই বোঝা গিয়েছিল, খুব তাড়াতাড়ি ম্যাচ ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু এখনও ফিরতে পারেননি তিনি।
সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর হাসি বলেছেন, "ধোনি এখন আগের চেয়ে ভালো দৌড়তে পারছে। তবে গতি আরও বাড়াতে হবে। তবে যথাসাধ্য চেষ্টা করছে ও।" ধোনি ফিরলে তাঁর ব্যাটিং পজিশন কী হবে, সেই প্রসঙ্গে সিএসকে ব্যাটিং কোচের মন্তব্য, "স্বাভাবিকভাবেই সে ইনিংসের শেষের দিকে ব্যাট করতে নামবে। তাই ওকে গতি বাড়াতে হবে। কারণ শেষের দিকে দু'রানের জন্য দৌড়তে হয়। তাই ঠিকমতো দৌড়নোর বিষয়টা নিশ্চিত করা দরকার।"
তিনি আরও বলেন, "প্রয়োজনীয় গতিতে দৌড়তে পারছে কিনা, সেটা দেখা দরকার। ও যখন এই ব্যাপারে আত্মবিশ্বাস ফিরে পাবে, তখনই ওকে খেলানোর কথা ভাবা হবে। এখনও পর্যন্ত জানি না ও কবে মাঠে নামতে পারবে। তবে আশা করব, সময়ের আগেই হয়তো চোট সারিয়ে মাঠে ফিরতে পারবে।" শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ১৮ বছরের তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে। তাঁর চোট গুরুতর বলে মনে করা হচ্ছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই পরিস্থিতিতে ধোনিকে দলে ফেরাতে মরিয়া চেন্নাই শিবির।
