shono
Advertisement
Team India

নতুন সহ-অধিনায়ক পাচ্ছে টিম ইন্ডিয়া! তবে একটা বিষয়ে 'মাথাব্যথা' যাচ্ছে না নির্বাচকদের

আগামী ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির একদিন পর দল ঘোষণা হওয়ার কথা।
Published By: Prasenjit DuttaPosted: 08:31 PM Sep 13, 2026Updated: 08:35 PM Sep 13, 2026

এশিয়ান গেমস এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ একই সময়ে পড়েছে। ফলে দু'টি প্রতিযোগিতার জন্য আলাদা দল ঘোষণা করতে হবে ভারতকে। সেই সঙ্গে বদল আসতে পারে সহ-অধিনায়কের পদেও। এশিয়াডে প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার ব্যস্ত থাকায় সাদা বলের ক্রিকেটে ফেরার দরজা খুলতে পারে ঋষভ পন্থের জন্য। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে একাধিক ক্রিকেটারের চোট নিয়েও চিন্তায় নির্বাচকেরা।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শ্রেয়স আইয়ার এশিয়ান গেমসে থাকায় সহ-অধিনায়ক করা হতে পারে কেএল রাহুলকে। অন্যদিকে, ঈশান কিষান এশিয়াডে থাকায় উইকেটের পিছনে কে দাঁড়াবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। লড়াই মূলত ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেলের মধ্যে। পন্থকে খেলানো হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবেন কোচ এবং অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পন্থ সুযোগ না পেলে তাঁকে ইরানি কাপে খেলানো হতে পারে। আর পন্থ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে জায়গা পেলে ইরানি কাপে জুরেলকে দেখা যেতে পারে।

আগামী ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির একদিন পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং ইরানি কাপের দল ঘোষণা হওয়ার কথা। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হাজির থাকবেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তার পরের দিনই দল ঘোষণা করা হবে। আগামী ৪ অক্টোবর আগরকরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ফলে তার আগে এই দল নির্বাচনই হতে পারে তাঁর শেষ দায়িত্ব।

তাছাড়াও চিন্তা রয়েছে অলরাউন্ডার নিয়েও। হার্দিক পাণ্ডিয়া ফিট না হলে পেসার-অলরাউন্ডার নিয়ে সমস্যায় পড়তে পারে ভারত। হার্দিককে ভারত 'এ' দলে রাখা হয়েছে। জানা গিয়েছে, ২০ সেপ্টেম্বরের আগেই তাঁর ফিট হয়ে যাওয়ার কথা। হার্দিক খেলতে না পারলে ওয়ানডে দলে পেসার হিসাবে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার এবং প্রিন্স যাদবদের মধ্যে কয়েকজন সুযোগ পেতে পারেন। এর পাশাপাশি একাধিক ক্রিকেটারের চোটও ভাবাচ্ছে নির্বাচকদের। হর্ষ দুবে, সূর্যাংশ শেড়গে, মহসিন খান, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা এবং শাহবাজ আহমেদের চোট রয়েছে। তাঁদের কেউই সিনিয়র দল, ভারত 'এ' দল বা ইরানি কাপে খেলতে পারবেন না। প্রত্যেকেই এখন রিহ্যাবে রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement