পাকিস্তান ক্রিকেট দলে কোচিং ও সাপোর্ট স্টাফ নিয়ে বিতর্ক থামার নামগন্ধই নেই। কোনও সিরিজ বা টুর্নামেন্টে ব্যর্থতা এলেই যেন বদলের হাওয়া লাগে। সেই ধারাই বজায় থাকল এবারও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজের আগেই দায়িত্ব ছাড়লেন দীর্ঘদিনের সদস্য। এমনকী পিসিবি'র এই সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি পাক ক্রিকেটাররা।
২০১৭ সাল থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন ক্লিফ ডিকন। ৪৫ বছর বয়সি এই দক্ষিণ আফ্রিকান ফিজিও ক্রিকেটারদের কাছেও বেশ জনপ্রিয় ছিলেন। প্রত্যেকের সঙ্গে তাঁর সম্পর্কও ছিল যথেষ্ট ভালো। তবে আচমকা কেন তিনি সরে দাঁড়ালেন, সে বিষয়ে বোর্ডের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি দল ছাড়ায় বড় বিপাকে পড়ল পাকিস্তান দল।
সাম্প্রতিক সময়ে দলে চোট-আঘাতের সংখ্যা বাড়ায় তাঁর কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিন বিভাগের ডিরেক্টর জাভেদ মুঘল এই পরিস্থিতিতে অসন্তুষ্ট ছিলেন। ডিকনকেই দায়ী করেন তিনি। দ্বিতীয় টেস্টের পর মাঠেই ডিকনের বিদায়ী অনুষ্ঠান হয়। সেই সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। একাধিক ক্রিকেটারকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে।
তবে পাক বোর্ডের এই সিদ্ধান্তে খুশি নন দলের অনেকেই। বিশেষ করে পেস বোলারদের একাংশ ডিকনের পক্ষেই সওয়াল করেছেন। তাঁদের মতে, ফিজিওর কাজ মূলত ছোটখাটো চোট সামলানো ও ফিটনেস ম্যানেজ করা। কাউকে পুরোপুরি ম্যাচ ফিট করে তোলা তাঁর একার দায়িত্ব নয়। রিহ্যাবের কাজ করা হয় অ্যাকাডেমিতে। পাক দলের অনেকেই মনে করেন, দূর থেকে দেখেই ক্রিকেটারদের শারীরিক সমস্যার আঁচ করতে পারতেন ডিকন। সেই দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করছেন অনেকেই।
নতুন ফিজিও হিসেবে ইফতিখার আহমেদকে নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্যদিকে, ডিকনের পরবর্তী গন্তব্য হতে পারে আফগানিস্তান। পাকিস্তানের প্রাক্তন ব্যাটিং পরামর্শদাতা অ্যান্ড্রু পুটিকও পরে আফগান দলে যোগ দিয়েছিলেন। ২০২৪ সালে হেডকোচ জনাথন ট্রটের সঙ্গে কাজ করে তিনি আফগান ব্যাটিং বিভাগে উন্নতি আনেন। তাঁর সময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে ওঠে আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে চমক দেখায়। যদিও ২০২৫ সালের শেষেই তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়। উল্লেখ্য, ৩০ মে থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে পাকিস্তান।
