shono
Advertisement
Pakistan Cricket Team

ইমামের চোট নাটকের পর বাবরের জ্বর, প্রাক্তন পাক তারকার খোঁচা, 'এবার ইনজামামদের পাঠাব?'

ইতিমধ্যে সাত জন ক্রিকেটার ও কোচকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান।
Published By: Arpan DasPosted: 01:41 PM Sep 02, 2026Updated: 01:41 PM Sep 02, 2026

পাকিস্তান ক্রিকেটে নাটক চলছেই। ইংল্যান্ডের কাছে টানা দুই টেস্টে হার। এর মধ্যে নতুন ঝামেলা, বাবর আজমের জ্বর। ইমাম-উল-হকের চোট নাটকের পর এখন এই নিয়েও অনেকের মধ্যে সন্দেহ জন্মাচ্ছে। এখনও আরেকটি টেস্ট বাকি। তার আগেই সাত জন ক্রিকেটার ও কোচকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। সেটা নিয়ে খোঁচা দিতেও ছাড়লেন না প্রাক্তন পাক তারকা মহম্মদ ইউসুফ। তিনি বলেন, 'এবার কি ইনজামাম, জাভেদ মিয়াঁদাদদের পাঠাব?'

Advertisement

লর্ডসে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। বাবর আজমরা বার্মিংহাম টেস্টে ভালো ফল করবে, তার নিশ্চয়তা নেই। তার আগে ৭ জনকে দেশে ফেরত পাঠিয়েছে পিসিবি। যাঁর মধ্যে আছেন মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সলমন আলি আঘার মতো তারকারা। সেই জায়গায় নতুন সাতজনকে পাঠানো হচ্ছে। সাইম আয়ুব ছাড়া পরিচিত মুখ কেউ নেই।

সেই নিয়ে খোঁচা দিলেন মহম্মদ ইউসুফ। পাক ক্রিকেটের দুরবস্থার কথা স্মরণ করিয়ে তিনি লিখেছেন, '১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের পর এই ধরনের অস্থিরতা বারবার হচ্ছে। এতে দলের মনোযোগ নষ্ট হচ্ছে। কিন্তু খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনা শুধু পারফরম্যান্স সম্পর্কিত বলে মনে হচ্ছে না। সবচেয়ে বড় কথা, আমরা কি এদের বদলে জাহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, সইদ আনোয়ারদের মতো কিংবদন্তিদের পাঠাব? তা তো পাঠাব না। তাহলে এগুলো করে কী লাভ? বরং দলের বিশৃঙ্খলা, মতপার্থক্য ও বিতর্ককে বাইরে এনে দিচ্ছে।'

এদিকে পাকিস্তানের জন্য আরও দুঃসংবাদ আছে। এই বিপদকালে পাক ক্রিকেটের একমাত্র মুখ বাবর আজম। তিনিও কি না জ্বরে ভুগছেন। পাকিস্তান টিমের ম্যানেজার সেটা নিশ্চিত করেছেন। তবে তাঁর আশা ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে বাবর খেলবেন। কিন্তু সত্যিই কি বাবরের জ্বর হয়েছে? সম্প্রতি ইমাম-উল-হকের ঘটনার পর পাক ক্রিকেটের বিশ্বসযোগ্যতা ধাক্কা খেয়েছে। মিথ্যা চোটের নাটক করে মাঠেই নামতে রাজি হননি পাক ব্যাটার। এর আগে ২০২৫-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নামতে চাননি। বলেছিলেন, পায়ে চোট আছে। অথচ স্ক্যানে কিছু ধরা পড়েনি। পরে ফিজিও দেখেন, পায়ে কালি লাগিয়ে কালশিটে দাগ বানিয়ে চোটের নাটক করেছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement