shono
Advertisement

বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?

গত কয়েকবছর বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে দল পেলেও কোনওবারই এই টুর্নামেন্টে খেলেননি শামি। এবছরও খেলবেন কিনা সেই নিয়ে অনিশ্চয়তা ছিল। একেবারে শেষ মুহূর্তে শামি খেলতে নামেন।
Published By: Anwesha AdhikaryPosted: 12:34 PM Jun 07, 2026Updated: 12:34 PM Jun 07, 2026

প্রথমবার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে নামলেন। নেমেই জাত চেনালেন মহম্মদ শামি। এবছর তারকা পেসারকে দলে নিয়েছে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। সেই দলের হয়ে প্রথমবার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ময়দানে নামেন তারকা পেসার। সেখানেই হ্যাটট্রিক করলেন তিনি। ইডেনে শামির দাপটেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করল শিলিগুড়ি।

Advertisement

গত কয়েকবছর বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে দল পেলেও কোনওবারই এই টুর্নামেন্টে খেলেননি শামি। এবছরও খেলবেন কিনা সেই নিয়ে অনিশ্চয়তা ছিল। একেবারে শেষ মুহূর্তে শামি খেলতে নামেন। শনিবার ইডেনে শিলিগুড়ির প্রতিপক্ষ ছিল শ্রাচী রাঢ় টাইগার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শিলিগুড়ি। মাত্র ৪৬ বলে ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন বিশাল ভাটি। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ২০৮ রান তোলে শিলিগুড়ি। ছোট্ট ক্যামিও আসে শামির ব্যাট থেকেও। দুই বলে এক ছক্কা-সহ আট রান করেন তিনি।

বড় টার্গেট তাড়া নেমে রাঢ় টাইগার্সের শুরুটা বেশ ভালোই হয়েছিল। কিন্তু নিয়মিত ব্যবধানে তাদের উইকেট পড়তে থাকে। বিপক্ষের দুর্গে প্রথমেই আঘাত হানেন শামি। ওপেনার সুমন্ত গুপ্তর উইকেট তুলে নেন। তারপর ১৬তম ওভারে ইডেন সাক্ষী থাকল শামি ম্যাজিকের। চতুর্থ বলে তিনি তুলে নেন বিপক্ষ অধিনায়ক শাহবাজ আহমেদের উইকেট। পরের বলে শামির শিকার হন রোহিত কুমার। ওভারের শেষ বলটা বিষাক্ত ইয়র্কার করেন শামি। ডিআরএস নিয়েও বাঁচতে পারেননি দীপাঞ্জন মুখোপাধ্যায়। শেষ পর্যন্ত মাত্র ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন শামি।

উল্লেখ্য, ঝুড়ি ঝুড়ি উইকেট পেলেও জাতীয় দলের দরজা শামির জন্য বহুদিন ধরেই বন্ধ। আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ পাননি। টেস্ট দলে মানব সুথার, গুর্নুর ব্রার বা হর্ষ দুবেরা ডাক পেয়েছেন। অন্যদিকে ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রিন্স যাদব, হর্ষ দুবের মতো তরুণ মুখ। কিন্তু শামি নেই। যদিও প্রধান নির্বাচক অজিত আগরকরের মতে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও শামি একমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই তৈরি। যদিও অবশ্য কীভাবে বা কোন সূত্রে তিনি এই তথ্য পেয়েছেন, তা জানাননি। আর কীভাবে নিজেকে প্রমাণ করবেন শামি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার