মুখ্যমন্ত্রীকে 'রানি' বলে কটাক্ষ। পাক পেসার নাসিম শাহকে বিরাট জরিমানা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আরও বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন নাসিম। অন্তত দু'বছর নিষিদ্ধ হওয়া থেকে পাক পেসারকে বাঁচিয়ে দিয়েছেন খোদ পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। অন্যদিকে জরিমানা হয়েছে আরেক পাক পেসার শাহিন শাহ আফ্রিদির। হোটেল রুমে বহিরাগতদের ঢোকানোয় শাস্তি হয়েছে তাঁর।
প্রথম বিতর্কের সূত্রপাত পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। যিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা। উদ্বোধনী অনুষ্ঠানে মারিয়ামকে কেন ‘রানি’র মর্যাদা দেওয়া হচ্ছে, তা নিয়ে একটি পোস্ট করেছিলেন নাসিম। তারপরই নাসিমকে ‘শোকজ নোটিস’ ধরায় পিসিবি। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।
এবার ২০ মিলিয়ন পিকেআর জরিমানা করা হল নাসিমের। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৮ লক্ষ টাকা। পাকিস্তানের কোনও ক্রিকেটারকে কখনও এতো টাকা জরিমানা দিতে হয়নি। তবে প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলির বক্তব্য, নাসিমকে বাঁচিয়ে দিয়েছেন নকভি। অন্তত দু'বছর নিষিদ্ধ হতে পারতেন নাসিম। কিন্তু শেষ মুহূর্তে নকভি বলে দেন, নিষেধাজ্ঞা চাপিয়ে যেন ক্রিকেটারের কেরিয়ার বিপাকে না ফেলা হয়। বাসিতের মতে, নাসিম আসলে 'ভাগ্যবান'।
অন্যদিকে, জরিমানা হয়েছে আফ্রিদিরও। পাকিস্তান সুপার লিগে তাঁর দল লাহোর কালান্দার্স ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে। করাচি কিংসের বিপক্ষে ম্যাচের আগে চারজন অতিথিকে টিম হোটেলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাহিনের বিরুদ্ধে। সঙ্গে ছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। পুলিশের দাবি, অনুমতি না থাকা সত্ত্বেও শাহিনন আফ্রিদি ও সিকান্দার রাজা নিয়ম ভেঙে এবং নিরাপত্তা কর্মীদের উপেক্ষা করে ওই চারজনকে জোর করে ভেতরে নিয়ে যান। গড়াপেটা বন্ধ করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। বাইরের ব্যক্তিদের ফাঁদ থেকে ক্রিকেটারদের আটকাতে দুর্নীতিদমন শাখার কর্মকর্তারা সক্রিয় থাকেন। তারপর শাহিন নিয়ম না মানায় জরিমানা হয়েছে। তবে এখনও বল বিকৃতি কাণ্ডে ফখর জামানের শাস্তি ঘোষণা বাকি।
