shono
Advertisement
IPL 2026

আরসিবি ম্যাচের পরই মৃত্যু! হোটেল থেকে আইপিএল সম্প্রচারকারীর দেহ উদ্ধার, বাড়ছে রহস্য

হোটেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। গোটা ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্য। অনেকে আবার খুঁজে পাচ্ছেন বব উলমারের মৃত্যুর ছায়াও।
Published By: Anwesha AdhikaryPosted: 03:17 PM Mar 31, 2026Updated: 03:33 PM Mar 31, 2026

আইপিএল সম্প্রচারের কাজ করতে ভারতে এসে মৃত্যু হল এক ব্রিটিশ ব্যক্তির। জানা গিয়েছে, গত সপ্তাহেই তিনি মুম্বইয়ে এসে পৌঁছন। বেশ কয়েকদিন কাজও করেছিলেন। তারপর হোটেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। গোটা ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্য। অনেকে আবার খুঁজে পাচ্ছেন বব উলমারের মৃত্যুর ছায়াও। তবে মুম্বই পুলিশ এই মৃত্যুর তদন্ত করছে।

Advertisement

মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬ বছর বয়সি এই ব্রিটিশ ব্যক্তি আইপিএলের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসাবে নিযুক্ত ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত ২৪ মার্চ মুম্বইয়ে এসে পৌঁছন তিনি। ট্রিডেন্ট হোটেলে থেকে নিজের কাজকর্ম করছিলেন। আইপিএলের উদ্বোধনী ম্যাচেও নিজের দায়িত্ব পালন করেন। ম্যাচ শেষে ফিরে আসেন হোটেলে। পরের দিন সকাল হয়ে গেলেও তাঁর কোনও সাড়া মেলেনি। হোটেলের কর্মীরা তাঁকে ফোন করেন, তাতেও লাভ হয়নি।

বাধ্য হয়ে মাস্টার কি দিয়ে ঘরের দরজা খোলেন হোটেলকর্মীরা। মেঝেতে পড়ে থাকা অবস্থায় ইয়ানের দেহ দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে ডেকে আনা হয় ডাক্তারকে। তিনি ইয়ানকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই রহস্য বাড়তে থাকে ইয়ানের মৃত্যু ঘিরে। ঘটনাস্থলে পৌঁছয় মেরিন ড্রাইভ থানার পুলিশ। দায়ের হয় অস্বাভাবিক মৃত্যুর মামলা। হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইয়ানের দেহ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে এই মৃত্যুর তদন্ত।

ইয়ানের মৃত্যুর নেপথ্যে সত্যিই কি রহস্য রয়েছে? প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়, এই মৃত্যুর নেপথ্যে কোনও সন্দেহজনক কিছু নেই। কোনও অপরাধের ছায়াও নেই। তবে ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু ইয়ানের মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি। উল্লেখ্য, বিসিসিআইয়ের সঙ্গে ইয়ান অনেকদিন থেকেই যুক্ত ছিলেন। আইপিএল সম্প্রচারের জন্য নানা শহরে কাজ করেছেন।

এই মৃত্যুর খবর ছড়াতেই ক্রিকেটপ্রেমীদের অনেকের মনে পড়ছে বব উলমারের প্রয়াণের ঘটনা। ২০০৭ সালের বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাকিস্তান। তার পরদিনই হোটেল থেকে উদ্ধার হয় তৎকালীন পাক কোচ উলমারের মৃতদেহ। সেই নিয়ে তুমুল হইচই পড়ে যায় ক্রিকেটমহলে। অনুমান করা হয়, গলা টিপে হত্যা করা হয়েছে তাঁকে। পরে অবশ্য জামাইকার পুলিশ জানায়, স্বাভাবিক মৃত্যু হয়েছে উলমারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement