পুরুষ দল ইংল্যান্ডে গিয়ে টেস্টে দুরমুশ হচ্ছে। মহিলা দল এশিয়া কাপে ভারতের কাছে পর্যুদস্ত। পাকিস্তান ক্রিকেটের দুরবস্থা কাটছেই না। কেন এই অবস্থা? প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ ইউসুফ এখানেও টেনে আনছেন ভারতের কথা। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছিল ভারতকে। সেটাই নাকি পাক ক্রিকেটের বর্তমান দুরবস্থার কারণ। কেন এরকম বললেন ইউসুফ?
সব ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপে পাকিস্তান একবারই ভারতের বিরুদ্ধে জিতেছে। সেবার বিরাট কোহলিদের ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিলেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। দু'জনেই হাফসেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। আর সেদিন থেকেই নাকি পাক ক্রিকেটের অধঃপতন শুরু। যা নিয়ে ইউসুফ বলছেন, "ওই ম্যাচটা আমাদের অনেক ক্ষতি করেছে। কারণ ওই জয়ের পর খেলোয়াড়রা ভাবতে শুরু করেছিল যে, তারা বিরাট কিছু অর্জন করে ফেলেছে। এরপর তাদের কী করতে হবে, তা বুঝতে পারছিল না।"
তারপর? প্রাক্তন পাক ক্রিকেটার ইউসুফের বক্তব্য, "যখন আপনি ভালো খেলছেন, তখন আপনার বিনয়ী থাকা উচিত। যদি আপনি ওই সময় কলার উঁচু করে ঘোরেন, অন্যদের অসম্মান করেন, তাহলে সমস্যা আসবে। আর পাকিস্তান ক্রিকেটে ঠিক সেই সমস্যাই এসেছে।” ইংল্যান্ডে জোড়া টেস্ট হারের পর ৭ ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে পাক বোর্ড। আপাতত ইংল্যান্ডে বাবরদের ফোন বাজেয়াপ্ত।
এগুলোকে সমর্থন করেন ইউসুফ। পুরনো প্রসঙ্গ টেনে তিনি বলেন, "২০২১-এ সবাই নেতা হয়ে উঠতে চেয়েছিল। তারপর থেকে গত পাঁচবছর পাকিস্তান ক্রিকেটের অবস্থা ভয়াবহ। পিসিবি তো আপনাদের সমর্থনই করে এসেছে। কিন্তু কোনও ক্রিকেটারই এগিয়ে এসে দায়িত্ব নেয়নি। এবার পিসিবি'কে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতেই হত।"
