সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারতের কাছে ফাইনাল-সহ টানা তিন বার পরাস্ত হয়েছিল পাকিস্তান। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের 'শাস্তি' ঘোষণা করে। বিদেশের কোনও ক্রিকেট লিগে খেলার অনুমতি দেয়নি পিসিবি। না-মঞ্জুর করা হয়েছিল নো অবজেকশন সার্টিফিকেট। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে অন্য এক দেশের চাপে অবশেষে পিছু হটতে বাধ্য হল পিসিবি।
সম্প্রতি পাক বোর্ডের এই সিদ্ধান্তের পর চিন্তায় পড়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। কারণ পাকিস্তানি ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার আসন্ন বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল। তবে পিসিবি'র বর্তমান সিদ্ধান্ত বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলির গত কয়েক সপ্তাহের অনিশ্চয়তার অবসান ঘটাবে। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার চাপেই সিদ্ধান্ত বদল করেছে মহসিন নকভিরা।
শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক শীর্ষ কর্তা টড গ্রিনবার্গ বলেন, "অনুমোদন এসেছে। সকলকেই ছাড়পত্র দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য দারুণ খবর। বিগ ব্যাশ লিগে পাকিস্তান থেকে বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নেবেন। তাঁদের দেখার জন্য মুখিয়ে।" উল্লেখ্য, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের বিগ ব্যাশ লিগে খেলার কথা। তাঁদের নিয়ে প্রচারও শুরু করে দিয়েছিল বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিগুলি। এরপর যদি পাক তারকারা না খেলতেন, তাহলে সম্মানহানি হত পাকিস্তানেরই। সেই কারণে 'নো অবজেকশন সার্টিফিকেট' সিদ্ধান্ত থেকে সরে এল তারা।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিগ ব্যাশ লিগ। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন বাবর। শাহিন আফ্রিদির দল ব্রিসবেন হিট। অ্যাডিলেড স্ট্রাইকার্সে হাসান আলি। তাছাড়াও বিবিএলে দেখা যাবে মহম্মদ রিজওয়ানকে। তিনি রয়েছেন মেলবোর্ন রেনেগেডসে। হ্যারিস রউফ এবং শাদাব খান রয়েছেন যথাক্রমে মেলবোর্ন স্টারস ও সিডনি থান্ডারে।
