shono
Advertisement

Breaking News

PSL Pink ball

পিএসএলে ম্যাচের মাঝেই সাদা বল হয়ে গেল গোলাপি! আজব কাণ্ডে নেটপাড়ার খোঁচা, পয়সা কম পড়েছে?

বৃহস্পতিবার পিএসএলে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেন। প্রথমে ব্যাট করতে নামে লাহোর। কিন্তু ম্যাচের দ্বিতীয় ওভারেই হঠাৎ দেখা যায়, বলের রং বদলাচ্ছে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:52 AM Mar 27, 2026Updated: 09:52 AM Mar 27, 2026

ছিল সাদা বল, হয়ে গেল গোলাপি! খেলা শেষ হতে হতে বল হয়ে গেল লাল রঙের। এমনই আজব কাণ্ড ঘটল পাকিস্তান সুপার লিগে। গোটা ঘটনায় হতবাক ক্রিকেট দুনিয়া। ক্ষোভ উগরে দিয়েছেন ম্যাচে খেলতে নামা অজি তারকা মার্নাস লাবুশানে। অভিযোগ জানিয়েছেন আম্পায়ারের কাছেও।
টি-২০ ম্যাচেও কীভাবে গোলাপি বলে খেলা হল, সেই নিয়ে মিমের বন্যা নেটদুনিয়ায়।

Advertisement

বৃহস্পতিবার পিএসএলে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেন। প্রথমে ব্যাট করতে নামে লাহোর। কিন্তু ম্যাচের দ্বিতীয় ওভারেই হঠাৎ দেখা যায়, বলের রং বদলাচ্ছে। সাদা বল ধীরে ধীরে গোলাপি হয়ে যাচ্ছে। স্বভাবতই ফ্লাডলাইটের মধ্যে গোলাপি হয়ে যাওয়া বল দেখতে অসুবিধায় পড়েন ক্রিকেটাররা। কিন্তু বল হঠাৎ গোলাপি হল কী করে? হতবাক হয়ে পড়েন ক্রিকেটাররা।

ওই ছবি এবং ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই বোঝা যায়, বলের রং বদলের নেপথ্যে রয়েছে হায়দরাবাদের জার্সি। মেরুন জার্সি পরে খেলে হায়দরাবাদ। শিশিরে ভেজ বল শুকনোর জন্য জার্সিতে বল ঘষেছেন হায়দরাবাদ ফিল্ডাররা, তাতেই রং বদলে গিয়েছে বলের। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ১৫ ওভারের পর আম্পায়ার বল বদলাতে বাধ্য হন। ম্যাচ শেষ হওয়ার পর হায়দরাবাদের হয়ে খেলা লাবুশানে বলেন, "আমার জীবনে এমন ঘটনা কোনওদিন দেখিনি। জার্সির রং উঠে বলের রং পালটে যাচ্ছে, এটা সত্যিই নতুন অভিজ্ঞতা।"

গোলাপি বলের 'নাটকে'র মধ্যেই অবশ্য ৬৯ রানে ম্যাচ জিতে নিয়েছে লাহোর। তাদের শুভেচ্ছা জানিয়ে হায়দরাবাদের তরফ থেকে বলা হয়, 'টি-২০তে প্রথম গোলাপি বলের ম্যাচ জেতার জন্য লাহোরকে অভিনন্দন।' নেটিজেনরা এই রংবদলের ঘটনায় একের পর এক মিম বানিয়ে ফেলেছেন। কেউ পাক লিগকে কটাক্ষ করে 'পয়সা শর্ট লিগ' বলছেন। কেউ বা বলছেন, দল গড়ার সময়ে কোটি কোটি টাকা খরচ করেছেন তাহলে ভালো মানের জার্সি বানাননি কেন? গোটা ঘটনায় পাক বোর্ডের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement