shono
Advertisement
RCB KKR

মেলেনি বোর্ডের অনুমতি, আরসিবিতে খেলতে পারবেন না তারকা পেসার, প্রবল চিন্তায় কেকেআরও

আইপিএল শুরু হতে বাকি মাত্র একদিন। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু মাঠে নামার আগেই বড়সড় ধাক্কা খেলেন বিরাট কোহলিরা।
Published By: Anwesha AdhikaryPosted: 12:23 PM Mar 27, 2026Updated: 12:23 PM Mar 27, 2026

আইপিএল শুরু হতে বাকি মাত্র একদিন। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু মাঠে নামার আগেই বড়সড় ধাক্কা খেলেন বিরাট কোহলিরা। আসন্ন আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলার অনুমতি পেলেন না তারকা পেসার। তাঁকে নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি জাতীয় বোর্ড। এহেন ঘটনার পর প্রশ্ন উঠছে, কেকেআরের জন্যও কি একইরকম ধাক্কা অপেক্ষা করছে?

Advertisement

১.৬০ কোটি টাকায় শ্রীলঙ্কার তারকা পেসার নুয়ান থুসারাকে দলে নিয়েছিল আরসিবি। আইপিএলের আগে তাঁর চোটের সমস্যাও ছিল না। তা সত্ত্বেও দ্বীপরাষ্ট্রের বোর্ডের তরফ থেকে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন না থুসারা। সূত্রের খবর, বিদেশি লিগে খেলতে আগ্রহী ক্রিকেটারদের জন্য ফিটনেসের বিশেষ মাপকাঠি সাজিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। সেই মান পর্যন্ত পৌঁছতে না পারলে ছাড়পত্র পাবেন না শ্রীলঙ্কার কোনও ক্রিকেটার। সেখানেই আটকে গিয়েছেন থুসারা। সে অর্থে বড়সড় চোট না থাকলেও এবারের আইপিএলে খেলা হচ্ছে না তাঁর।

জানা গিয়েছে, দুষ্মন্ত চামিরা, পাথুম নিশঙ্কা এবং কামিন্দু মেন্ডিস ইতিমধ্যেই আইপিএল খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন। তাঁরা বোর্ডের ফিটনেস টেস্টে পাশ করেছেন বলেই খবর। কিন্তু ফিট হলেও বোর্ডের কাছে পাশমার্ক পাননি থুসারা। এই খবরে আরসিবি তো ধাক্কা খেয়েছেই, পাশাপাশি চিন্তার ভাঁজ পড়েছে কেকেআর ভক্তদের কপালেও। কারণ আইপিএলের প্রথম পর্ব থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। বোর্ডের কড়াকড়িতে তিনিও আটকে পড়বেন না তো?

উল্লেখ্য, নিলাম থেকে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে কিনেছে কেকেআর। কিন্তু বিশ্বকাপ চলাকালীন চোট পান শ্রীলঙ্কার পেসার। নাইট শিবিরে যোগ দিতে হলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। আপাতত সেটাই পাথিরানার জন্য বড় চ্যালেঞ্জ। থুসারা যদি চোট না পেয়েও বোর্ডের পরীক্ষায় ফেল করেন, তাহলে পাথিরানা কি পরীক্ষায় পাশ করতে পারবেন? বোর্ড কর্তারা কি সন্তুষ্ট হয়ে পাথিরানাকে নো অবজেকশন সার্টিফিকেট দেবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement