shono
Advertisement

Breaking News

India vs Sri Lanka

'সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি', 'চাকরি হারানোর চাপে'র মুখে বলছেন গম্ভীর

কোচ গৌতম গম্ভীরের জমানায় টেস্টে পারফরম্যান্স বেশ অনুজ্জ্বল ভারতের। একটা সময় ঘরের মাঠকে কার্যত দুর্গ বানিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। সেখানে পরপর টেস্ট সিরিজ হারতে হয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:38 AM Aug 07, 2026Updated: 10:38 AM Aug 07, 2026

কোচ গৌতম গম্ভীরের জমানায় টেস্টে পারফরম্যান্স বেশ অনুজ্জ্বল ভারতের। একটা সময় ঘরের মাঠকে কার্যত দুর্গ বানিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। সেখানে পরপর টেস্ট সিরিজ হারতে হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল খেলার জন্য শুভমান গিলদের সামনে শর্ত একটাই। বাকি নয় টেস্টের মধ্যে সাতটায় জিততে হবে। যে কাজ কতটা কঠিন, ভারতীয় কোচের খুব ভালো করে জানা। তার মধ্যে এমন একটা দেশে ভারত টেস্ট সিরিজ খেলতে চলছে, যেখানে রেকর্ড খুব একটা স্বস্তির নয়। এমনিতে কোচ গম্ভীরকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ভারতীয় কোচ জানেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের রেজাল্ট এদিক থেকে ওদিক হওয়ার অর্থ, সমালোচনায় বিদ্ধ হতে হবে তাঁকে।

Advertisement

সিরিজ শুরুর আগে দিন সাতেক সময় রয়েছে। যার মধ্যে শুক্রবার থেকে একটা প্র্যাকটিস ম্যাচও খেলছে ভারতীয় দল। টিমের প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী গম্ভীর। সঙ্গে হুঙ্কারও দিয়ে রাখলেন। তাঁর বক্তব্য, এই টেস্ট সিরিজে তাঁর টিম সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। বিসিসিআই টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, "জানি আমাদের সামনে কী চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। আমরা এটাও জানি, কীসের জন্য খেলতে নামছি। কঠোর পরিশ্রম করতে হবে। প্রস্তুতির সব দিকগুলো একেবারে নিখুঁত করতে হবে। টেস্টের প্রথম দিন সকালে আমরা ব্যাটিং করি কিংবা বোলিং, কোনও অসুবিধে নেই। আমাদের সামনে যা-ই প্রশ্ন আসুক না কেন, তার উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। এখন থেকেই প্রস্তুতির সমস্ত ধাপগুলো সম্পূর্ণ করতে হবে।" গলে ১৫ আগস্ট থেকে প্রথম টেস্ট শুরু। দ্বিতীয় টেস্ট কলম্বোয় ২৩ আগস্ট। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ফের নামতে হচ্ছে। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছে ভারত। সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ছিল না। আফগানিস্তান টেস্টে গম্ভীররা শ্রীলঙ্কার প্রস্তুতি সেরেছেন।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাংরাশ জৈন আর আকিব নবি। দ্বিতীয়জন অবশ্য শুরুতে স্কোয়াডে ছিলেন না। জশপ্রীত বুমরাহ চোট পেয়ে ছিটকে যাওয়ার পর নবিকে টিমে নিয়ে আসা হয়েছে। দু'জনের জন্য বিশেষ বার্তাও দিয়ে রাখলেন গম্ভীর। সারাংশকে নিয়ে গম্ভীরের বক্তব্য, "এই জায়গায় পৌঁছনোর জন্য অনেক পরিশ্রম করেছো তুমি। সুযোগ পেলে এমনভাবে খেলো, যাতে তোমার পরিবার আর দেশ তোমাকে নিয়ে গর্ব করে।" নবির উদ্দেশে গম্ভীর বলেন, "গত মরশুমে তুমি অসাধারণ খেলেছ। জম্মু-কাশ্মীরকে রনজি জেতানোর জন্য বড় ভূমিকা ছিল তোমার।" যদিও ভারতীয় দলের মাথাব্যথা বাড়াচ্ছেন অধিনায়ক শুভমান গিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement