shono
Advertisement
Rohit Sharma

সৌরভের পর এবার নয়া রিয়ালিটি শো রোহিতের, অবসর-জল্পনার মধ্যে কী বলতে চান হিটম্যান?

সম্প্রতি প্রকাশ্যে এসেছে রোহিতের আসন্ন রিয়ালিটি শো-র টিজার। যা ভাইরাল নেটদুনিয়ায়।
Published By: Arpan DasPosted: 09:56 AM Aug 12, 2026Updated: 10:18 AM Aug 12, 2026

রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, সেই প্রশ্নের এখনও উত্তর মেলেনি। এর মধ্যেই নয়া অবতারে হিটম্যান। বাইশ গজে দাপটের পর এবার বিনো দুনিয়ায় পা রাখছেন রোহিত। সেটাও রীতিমতো ধুমধাম করে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন শো-র টিজার। যা ভাইরাল নেটদুনিয়ায়। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজস্ব রিয়ালিটি শো সঞ্চালনা করেছেন। এবার কী নিয়ে হতে চলেছে রোহিতের শো?

Advertisement

রোহিতের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পাঁচ-পাঁচবার আইপিএল জিতেছেন। এবার টিভি স্ক্রিনেও ক্যাপ্টেনের ভূমিকায়। কোথায় ক্যামেরা বসানো হবে, কী অ্যাঙ্গেল হবে সব বলে দিচ্ছেন। সহকারীদের নির্দেশ দিচ্ছেন কী করতে হবে। ঠিক যেভাবে অধিনায়ক থাকার সময় অন্য ক্রিকেটারদের বলে দিতেন। ওই ভিডিওর ক্যাপশনে রোহিত লিখেছেন, 'স্টেজ তৈরি, ক্যামেরা তৈরি। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।'

জানা গিয়েছে, এই অনুষ্ঠানের নাম রাখা হবে 'দ্য রোহিত শর্মা শো'। সোনি নেটওয়ার্কে টিভি ও ওটিটি মাধ্যমে সম্প্রচারিত হবে। মনে করা হচ্ছে, এটি একটি পারিবারিক রিয়ালিটি শো হতে চলেছে। যাকে সম্প্রচারকারী সংস্থা 'সবচেয়ে বড় বিনোদন অভিষেক' বলে নাম দিচ্ছে। তবে এই নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই অনুষ্ঠানের ইঙ্গিত চলতি বছরের মে মাসে আইপিএলের সময়ই দেওয়া হয়েছিল। যার মূল আকর্ষণ ছিল রোহিতের সেই বিখ্যাত মন্তব্য, “কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা।” সেখানে রোহিত মজার ছলে বলেছিলেন, “দু’লাইন কী বললাম, এত ভাইরাল হয়ে গেল। পুরো শো এলে কী হবে ভাবুন তো!”

তাঁর নতুন টিভি শো নিয়ে উন্মাদনা তুঙ্গে। নতুন অবতারে হিটম্যানকে দেখতে মুখিয়ে সকলে। বাংলায় সৌরভ গঙ্গোপাধ্যায় বহু বছর ধরে 'দাদাগিরি' সঞ্চালনা করেছেন। এবার তাঁকে দেখা যাবে বাংলা 'বিগ বসে'। কিন্তু সবই করেছেন অবসর নেওয়ার পর। তাই অনেকে মনে করছেন, তাহলে কি অবসর নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রোহিত? নাহলে হঠাৎ বিনোদুনিয়ায় পা রাখার কথা কেন ভাবছেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement