পাকিস্তানের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন, জিতেছেন। তার মধ্যে একটা বিশ্বকাপ ফাইনালও আছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একটি বিশেষ ম্যাচে 'অসহায়বোধ' করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এতো সাফল্য সত্ত্বেও কেন ভারত-পাক মহারণ নিয়ে এহেন স্বীকারোক্তি হিটম্যানের?
এবারের বিশ্বকাপে ভারত সেমিফাইনালে চলে গিয়েছে। পাকিস্তান পারেনি। গ্রুপ পর্বের ম্যাচে প্রায় একতরফা জিতেছে টিম ইন্ডিয়া। বলা যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের একরতফা দাপট বজায় থাকে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৭ সালেও যে ছবিটা ছিল, আজও তার ব্যতিক্রম ঘটেনি। সেই বিশ্বকাপে তরুণ তারকা হিসেবে ছিলেন রোহিত। আর ২০২৪ সালে নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে পাকিস্তানকে হারিয়ে ছিলেন রোহিত।
এই দীর্ঘ সফরে রোহিতের প্রিয় ভারত-পাক ম্যাচ কোনটি? প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, "ফাইনালে পাকিস্তানকে হারিয়ে আমরা ট্রফি জিতেছিলাম। ওর থেকে ভালো অনুভূতি আর কিছু হয় না।" অর্থাৎ ২০০৭ সালের বিশ্বকাপের স্মৃতি। সেবার গ্রুপ ম্যাচেও ভারত-পাক মুখোমুখি হয়েছিল। যে ম্যাচের ফলাফল ঠিক হয় 'বোল-আউটে'। যা নিয়ে রোহিত বলছেন, "ওই একটা ম্যাচই বোল-আউটে সিদ্ধান্ত হয়। আমরা সেই ম্যাচটাও জিতেছিলাম। ফলে ২০০৭ সালের দুটো ম্যাচই স্পেশাল।"
তবে একটা ম্যাচে খুব অসহায়বোধ করেছিলেন রোহিত। সেটা ২০২২ সালে মেলবোর্নে ভারত-পাক ম্যাচে। ৩১ রানে ৪ উইকেট থেকে বিরাট কোহলি রান তাড়া করে ভারতকে জেতান। রোহিত আউট হন মাত্র ৪ রানে। যা নিয়ে হিটম্যান বলছেন, "আমি ছিলাম সাজঘরে। পরে বেরিয়ে আসি। কিন্তু এত নার্ভাস হয়ে যাই যে ফের ভিতরে চলে যাই। এরকম কঠিন ম্যাচে নিজে কিছু করতে না পারলে খুব অসহায় লাগে। মনে হয় সব হাতের বাইরে চলে গেল। কিন্তু কোহলি অসাধারণ খেলেছিল। আমি ম্যাচ জেতার অবস্থায় ছিলাম না। সেখান থেকে ম্যাচ জিতি।"
