shono
Advertisement
Rahul Dravid

'দ্রাবিড় সভ্যতা'র উত্তরাধিকার! জাতীয় দলে ডাক পেল রাহুলপুত্র অন্বয়

বাবা ছিলেন জাতীয় দলের দুর্ভেদ্য দেওয়াল। এবার ছেলের পালা। রাহুল দ্রাবিড়ের পরম্পরা বহন করে ভারতীয় দলে জায়গা করে নিল তাঁর পুত্র অন্বয়।
Published By: Anwesha AdhikaryPosted: 07:54 PM Jun 11, 2026Updated: 07:54 PM Jun 11, 2026

বাবা ছিলেন জাতীয় দলের দুর্ভেদ্য দেওয়াল। এবার ছেলের পালা। রাহুল দ্রাবিড়ের পরম্পরা বহন করে ভারতীয় দলে জায়গা করে নিল তাঁর পুত্র অন্বয়। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। সেই দলে ডাক পেয়েছে ডানহাতি ব্যাটার অন্বয়। আপাতত তাকে রাখা হয়েছে ওয়ানডে দলে। 'দ্য ওয়ালে'র পুত্রের এহেন সাফল্যে খুশি ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

দ্রাবিড়ের দুই পুত্র সমিত এবং অন্বয় ছোট থেকেই বয়সভিত্তিক ক্রিকেট খেলেছে। কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন সমিত। কিন্তু জাতীয় দলে খেলা হয়নি এখনও। তবে দাদার আগেই নীল জার্সি উঠতে পারে ভাই অন্বয়ের গায়ে। সম্প্রতি কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলকে বিনু মাঁকড় ট্রফিতে নেতৃত্ব দিয়েছে অন্বয়। ব্যাট হাতেও বেশ সফল হয়েছে ১৭ বছর বয়সি এই ব্যাটার। মূলত মিডল অর্ডারে খেলে অন্বয়। ৬ ইনিংসে ২২০ রান আসে দ্রাবিড়পুত্রের ব্যাট থেকে। তার মধ্যে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৮২ রানে অপরাজিত ইনিংসও রয়েছে।

বছরদুয়েক পরে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ রয়েছে। সেদিকে নজর রেখে আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই প্রস্তুতি নেবে ভারতীয় দল। রাহুলপুত্রও খেলতে পারে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। বাবার মতোই উইকেটকিপিংও করে অন্বয়। শ্রীলঙ্কায় গিয়ে প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবে সে। আগামী মাসের ৪ তারিখ থেকে শুরু হবে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের শ্রীলঙ্কা সফর। তিনটি ওয়ানডে খেলবে বয়েজ ইন ব্লু। তবে লাল বলের স্কোয়াডে রাখা হয়নি দ্রাবিড়পুত্রকে।

উল্লেখ্য, অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে ডাক পেয়েছিল দ্রাবিড়ের বড়ছেলে সমিতও। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের সাদা এবং লাল বলের স্কোয়াডে ছিল সে। কিন্তু হাঁটুর চোটে খেলা হয়নি আর। যদিও ঘরোয়া ক্রিকেটে নানা টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স সমিতের। জাতীয় দলের রাডারেও রয়েছেন রাহুল দ্রাবিড়ের জ্যেষ্ঠপুত্র। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দ্রাবিড় ব্যাটিংয়ের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাবে অন্বয়, আশা ক্রিকেটপ্রেমীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement