এবছরের মতো তার আইপিএল অভিযান শেষ। তবে 'বেবি বস' বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনেক আশা। সেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে রয়েছেন ক্রিকেটের ঈশ্বর শচীন তেণ্ডুলকর স্বয়ং। বৈভবের বিধ্বংসী ইনিংসের প্রশংসা করেছিলেন আগেই। এবার তরুণ তুর্কির পাশে দাঁড়ালেন। শচীন মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটের চ্যালেঞ্জগুলো বুঝবে বৈভব। সেগুলো সামলে নিতেও বিশেষ সমস্যা হবে না তার।
আইপিএলের শেষ দুটো ম্যাচে হাতের মুঠোয় এসে যাওয়া সেঞ্চুরি মাঠে ফেলে এসেছে বৈভব। ফাইনালে উঠতে না পারার পর তাকে কাঁদতেও দেখা যায়। শচীন মনে করছেন, সমস্ত কিছুরই একটা শুরু থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই প্রথমদিকের ভুলগুলো শুধরে নেওয়া যায়। একটি অনুষ্ঠানে গিয়ে শচীন বলেন, "আমি বলব বৈভব ওর নিজের খেলাটা খেলুক। ওর খেলা দেখে মনে হয়, যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। বৈভবের স্বাভাবিক খেলাটা নষ্ট করে দেওয়া উচিত নয়। শট মারার দক্ষতা রয়েছে ওর। উপদেশ দিয়ে সেটা বদলাতে গেলে সমস্যা হতে পারে।"
অনেকেই দাবি করছেন, খুব দ্রুত বৈভবকে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। শচীনের মতে, যে দলেই বৈভব খেলুক না কেন, তাকে স্বাধীনভাবে খেলতে দেওয়া উচিত। কারণ সময়ের সঙ্গে বৈভব নিজেই শিখবে, খেলার ধরনটা কোথায় কতটুকু বদলাতে হবে। ক্রিকেট ঈশ্বর মনে করছেন, "অভিজ্ঞতা বাড়লে টেস্ট ক্রিকেটও খেলতে পারে বৈভব। এমন প্রতিভাবান ক্রিকেটারের উপর চাপ তৈরি না করে তাকে উৎসাহ দেওয়া উচিত। ক্রিকেটটা উপভোগ করতে দেওয়া দরকার।"
উল্লেখ্য, চলতি আইপিএলের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে বৈভব। সেই ইনিংসের পর শুভেচ্ছা জানিয়েছিলেন শচীন। ক্রিকেটের ঈশ্বরের এমন বার্তা পেয়ে আপ্লুত হয়ে পড়েছিল বৈভব নিজেও। আগামী দিনে ভারত এ দলের হয়ে খেলবে বৈভব। সুযোগ পেতে পারে এশিয়ান গেমসের ভারতীয় দলেও।
