shono
Advertisement
Sanju Samson

ইডেনের গ্র্যান্ড শো-এর পরই র‌্যাঙ্কিংয়ে বিরাট লাফ সঞ্জুর, টলমল অভিষেকের শীর্ষস্থান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তুলেছেন। এর পুরস্কারও পেলেন হাতেনাতে। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ২৫ ধাপ উঠলেন তিনি। 
Published By: Prasenjit DuttaPosted: 08:51 PM Mar 04, 2026Updated: 08:59 PM Mar 04, 2026

ইডেনের গ্র্যান্ড শো-এর পরই র‌্যাঙ্কিংয়ে বিরাট লাফ সঞ্জু স্যামসনের। একটা সময় ভারতীয় দলে যেন 'পার্শ্বচরিত্র' হয়ে উঠেছিলেন তিনি। নানান উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। নিজের পছন্দের জায়গাও হারিয়েছেন। অন্য পজিশনে নামতে হয়েছে। দল থেকে বাদ পড়েছেন। আবারও নিজের পছন্দের জায়গায় ফিরে এসেছেন। আর ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তুলেছেন। এর পুরস্কারও পেলেন হাতেনাতে। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ২৫ ধাপ উঠলেন তিনি। অন্যদিকে, টলমল অভিষেক শর্মার শীর্ষস্থান। 

Advertisement

ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের রেটিং পয়েন্ট ৫৪৯। ৬৫ থেকে এক লাফে উঠে এসেছেন ৪০ নম্বরে। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ব্যর্থতার পরেও শীর্ষ স্থানে রয়েছেন অভিষেক শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৪। তবে তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন পাকিস্তান ক্রিকেটার সাহিবজাদা ফারহান। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৮। তৃতীয় স্থানে ফিল সল্ট। ইংরেজ ক্রিকেটারের রেটিং ৮০৩।

৭৮৩ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে ঈশান কিষান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যর্থতার পরেও এক ধাপ উপরে উঠেছেন তিনি। পাথুম নিশঙ্ক রয়েছেন পাঁচে। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৬। অভিষেক এবং ঈশান ছাড়া ক্রমতালিকায় প্রথম দশে আরও দুই ভারতীয় তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। ৭৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে তিলক। ৭৩৯ রেটিং নিয়ে সাত নম্বরে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

বৃহস্পতিবার সেমির যুদ্ধে ভারতের সামনে ইংল্যান্ড। এই বিশ্বকাপে অফ ফর্মের জন্য 'সার্চলাইটে' রয়েছেন অভিষেক শর্মা। শূন্যের হ্যাটট্রিকের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনওক্রমে ১৫ রান করেছেন। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ব্যর্থতা। প্রশ্ন হল, সেমিফাইনালের লড়াইয়ে কি খেলবেন অভিষেক? ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল অবশ্য বলে দিলেন ‘সঞ্জুর কাছ থেকে শিখুক’। এখন দেখার, শেষ চারে ফর্মে ফেরেন কি না অভিষেক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement