shono
Advertisement
Team India

বিশ্বকাপের আগে পারফেক্ট প্রস্তুতি! বিরাটদের নিয়ে মেগা পরিকল্পনা বিসিসিআইয়ের

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। যার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছে ভারত।
Published By: Prasenjit DuttaPosted: 01:22 PM Sep 03, 2026Updated: 01:24 PM Sep 03, 2026

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। যার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছে ভারত। তার অঙ্গ হিসাবেই আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে চার থেকে ছ'ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারেন বিরাট কোহলি, শুভমান গিলরা। সূত্রের খবর, এই সিরিজ আয়োজন নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের টিম ম্যানেজমেন্টের অনুরোধেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে কথা বলছে বোর্ড। ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নিতেই এই সিরিজের পরিকল্পনা। দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষবার ভারত ওয়ানডে সিরিজ খেলেছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সেই সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। সেবার দুই দলই প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল। কারণ, ওয়ানডে সিরিজের পরেই ছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এবার ছবিটা আলাদা। বিশ্বকাপের আসর বসবে অক্টোবর-নভেম্বরে। ১২টি ভেন্যুতে খেলা হবে। এর মধ্যে প্রধান আয়োজক দক্ষিণ আফ্রিকার ৮টি , জিম্বাবোয়ের ৩টি এবং নামিবিয়ার ১টি মাঠ রয়েছে। ফলে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার পরিবেশে কয়েকটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ বার পুরুষদের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ২০০৩ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত।

চার বছর পর জোহানেসবার্গে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে পরিসংখ্যান ভারতীয় দলের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক নয়। এখনও পর্যন্ত সেখানে ৫৯টি ওয়ানডে খেলেছে ভারত। জিতেছে ২৪টি। হার ৩১টি। তিনটি ম্যাচে কোনও ফল হয়নি। একটি ম্যাচ টাই হয়েছে। সেই হিসাব বদলাতে চাইবে ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement