shono
Advertisement
Sourav Ganguly

সিএবিতে নির্বাচনী ডামাডোলের মাঝেই কলকাতায় শাহী সাক্ষাতে সৌরভ! তুঙ্গে জল্পনা

অমিত শাহর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্ভাব্য সাক্ষাৎকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রিকেটমহল।
Published By: Prasenjit DuttaPosted: 07:32 PM Jul 17, 2026Updated: 07:34 PM Jul 17, 2026

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সিএবির প্রথম নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও শেষ মুহূর্তে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। যুগ্মসচিব পদে নির্বাচনের জন্য ২০ জুলাই বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। ১২ জুলাই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ওই দিনই সিএবি সদস্যদের জানিয়ে দেওয়া হয়, নির্বাচন আপাতত স্থগিত রাখা হচ্ছে। কারণ, শাসক শিবির তো বটেই, বিরোধী কোনও গোষ্ঠীর পক্ষ থেকেও যুগ্মসচিব পদে একটি মনোনয়নপত্রও জমা পড়েনি। যা নিয়ে গত বুধবারের বৈঠকে একেবারে নির্বাচনের মতোই উত্তাপ ছড়ায়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

শুক্রবার থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তিন দিনের পশ্চিমবঙ্গ সফর। ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত চলা এই সফরে তিনি সীমান্ত নিরাপত্তা, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নতুন তিনটি ফৌজদারি আইনের বাস্তবায়ন-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পর্যালোচনা করবেন। পাশাপাশি প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছেন, শহরের এক পাঁচতারা হোটেলে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের।

উল্লেখ্য, সিএবি-র বুধবারের বৈঠকে এই প্রথম সিএবি বৈঠকে ছিলেন সরকারি প্রতিনিধি। বৈঠকে উপস্থিত এক প্রতিনিধি প্রশ্ন তোলেন, স্পেশাল জেনারেল মিটিং যে পিছিয়ে দেওয়া হল, সেটা কেন জানানো হল না? এসজিএম তো করা যেতেই পারত। সেখানে কী হচ্ছে, সেটা ইলেক্টোরাল অফিসার জানিয়ে দিতে পারতেন। যার পালটা উত্তর দেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে পরিস্থিতি উত্তপ্ত হয় মূলত দু’টো বিষয়ে। এক, সত্তরোর্ধ্ব কেউ ভোট দিতে পারবেন কি না। দুই, প্রশাসনে নয় বছর পূর্ণ করে ফেললে, সেই ক্রিকেট কর্তার আর সিএবিতে প্রতিনিধিত্ব করার অধিকার আছে কিনা। এটা নিয়েই রীতিমতো তুলকালাম চলে।

একটা পক্ষের তরফ থেকে বলা হচ্ছে, লোধা নিয়মে পরিষ্কার করে বলা আছে, সত্তরোর্ধ্ব কেউ আর ভোট দিতে পারবেন না। একইসঙ্গে নয় বছরের মেয়াদ পূর্ণ হলে, কেউ সিএবিতে থাকতে পারবেন না। এই পরিস্থিতিতে অমিত শাহর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্ভাব্য সাক্ষাৎকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রিকেটমহল। তবে তাঁদের বৈঠকে ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে সিএবিতে নির্বাচনী ডামাডোলের মাঝেই এই সাক্ষাৎকে ঘিরে জল্পনা তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement