সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের সিরিজে তিনি রান পেয়েছেন বটে তবে রোহিত শর্মাকে ঠিক রোহিত শর্মার মতো মনে হয়নি। আবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে তাঁর ব্যাটে রান আসেনি। এজবাস্টনে প্রথম ওয়ানডে-তে ২১টি বল খেলে মাত্র ১১ রানের ওই ইনিংস মোটেই রোহিত শর্মার মতো ইনিংস নয়। ব্যাট করার সময় রোহিতকে দেখে মনে হচ্ছিল, হয়তো তিনি মানসিকভাবে চাপে রয়েছেন। এই পরিস্থিতিতে হিটম্যানের পাশে দাঁড়ালেন কোচ গৌতম গম্ভীর।
সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের ওই বিশ্রী পারফরম্যান্সের পর রোহিতকে খোদ কোচ গৌতম গম্ভীর আশ্বস্ত করছেন, যে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই। বরং, হিটম্যান যদি নিজের স্বাভাবিক ব্যাটিংটা চালিয়ে যান তাহলে সেটা দলের পক্ষেও ভালো। রোহিতের পক্ষেও। টিম ইন্ডিয়ার সূত্র অন্দরের সূত্র বলছে, যেভাবে প্রতিনিয়ত রোহিতদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে তাতে বিরক্ত ভারতীয় কোচ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, রোহিতের একটু মানসিক স্বস্তি প্রয়োজন এবং ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তা প্রয়োজন। সেটা নিয়েই হেডকোচ তাঁকে আশ্বস্ত করেছেন।
সূত্র বলছে, "রোহিত দলের জন্য এতদিন ধরে এত কিছু করেছেন। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। কোচ চাইছেন হিটম্যান নিজের স্বাভাবিক খেলাটা খেলে যান। গোটা কেরিয়ার তিনি যেভাবে ভয়হীন ক্রিকেট খেলেছেন সেটাই রোহিতের কেরিয়ারের ইউএসপি। গম্ভীর বলে দিয়েছেন, রোহিতের মতো ক্রিকেটাররা মানসিকভাবে মুক্ত থাকলেই নিজেদের সেরা খেলাটা বের করে আনতে পারেন।
আসলে অধিনায়কত্ব হারানো এবং টি-২০ ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে ভারতীয় ক্রিকেটে লাগাতার আলোচনা হচ্ছে। তাঁদের আদৌ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে রাখা হবে কিনা, সেটাই যেন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের দুই মহারথীর মনঃসংযোগে যে ব্যাঘাত ঘটেছে, সেটা কোচ গম্ভীরের বার্তাতেই স্পষ্ট।
