২০২০-তে স্বাধীনতা দিবসের দিন আচমকা আন্তর্জাতিক কেরিয়ার শেষের কথা জানিয়েছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। মহেন্দ্র সিং ধোনিও সেদিন অবসর নেন। ফলে রায়নাকে নিয়ে খুব বেশি চর্চা হয়নি। তবে তারও বছর দুয়েক আগেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছিলেন। কেন? সব পরীক্ষাতে পাশ করেছিলেন? তবু কেন বাদ পড়েছিলেন? এর জন্য কি অধিনায়ক বিরাট কোহলি দায়ী ছিলেন? মুখ খুললেন রায়না।
আকাশ চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন বাঁহাতি ক্রিকেটার বলেন, "সব অধিনায়কের নিজস্ব দল থাকে। যখন কেউ অধিনায়ক হন, তখন তাঁর মনে হয় অমুক প্লেয়ার ভালো। সেভাবেই সব কিছু বদলায়। আমি আর যুবরাজ সিং ওই দলে ছিলাম। আমরা প্রথমে ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হই। পরে পাশ করি। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রানও করেছি।"
সেই সময় কোচ ছিলেন অনিল কুম্বলে। তাঁর সঙ্গে কথা বলেও সমাধান পাননি। রায়না বলেন, "আমি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। ২০১৮-এ দক্ষিণ আফ্রিকায় গিয়ে টি-টোয়েন্টি সিরিজ সেরা হয়েছিলাম। আমি অনিল ভাইয়ের সঙ্গে কথা বলি। উনি আমাকে বুঝিয়ে ছিলেন, আমার মানসিকতা কীরকম হওয়া উচিত। তারপর ২০১৯-র বিশ্বকাপ আসে। সেখানে অধিনায়ক নিজের মতো দল বেছে নিয়েছিলেন। আমি ভেবেছি, হয়তো আমরা ভালো করতে পারতাম। আমাদের অভিজ্ঞতা সেখানে দরকার ছিল। কিন্তু এখন এসব কথা বলে কী লাভ?"
রায়নার সংযোজন, "আমার মনে হয়, স্পষ্ট কথাবার্তা হওয়া দরকার ছিল। নির্বাচকরা স্পষ্ট কথা বলতে পারত। কে খেলবে, কে বাদ যাবে জানাতে পারত। কিন্তু ওগুলো আমার হাতে নেই। আমি চেষ্টা করেছি, পরিশ্রম করেছি। যা যা করতে বলেছিল, সব করেছি। যেন আমাদের বাদ দেওয়ার জন্য অজুহাত খুঁজছিল। বাদ পড়ার পর বহুবার প্রশ্ন করেছি, কেন? কিন্তু কেউ উত্তর দেয়নি।"
