shono
Advertisement
Abhishek Sharma

রানে ফিরতে আগ্রাসী ব্যাটিং ছাড়ছেন? শূন্যের হ্যাটট্রিকের পর অবশেষে মুখ খুললেন অভিষেক

অনেকেই বলছেন, অতি আগ্রাসী মানসিকতাই বারবার বিপদে ফেলছে তাঁকে। এই মানসিকতা কি বদলাবেন? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইট যুদ্ধে নামার আগে মুখ খুললেন অভিষেক।
Published By: Prasenjit DuttaPosted: 11:03 PM Feb 21, 2026Updated: 11:03 PM Feb 21, 2026

একেবারেই ফর্মে নেই টিম ইন্ডিয়ার বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশ করেছেন বাঁহাতি ওপেনার। বিশ্বকাপে তিন ম্যাচ খেললেও একটা রানও করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। শূন্যের গেরো কাটাতে পারেননি। বরং শূন্যের হ্যাটট্রিক করেছেন। বলা চলে, ২৫ বছরের বিধ্বংসী ওপেনার এখন আতশকাচের নিচে। অনেকেই বলছেন, অতি আগ্রাসী মানসিকতাই বারবার বিপদে ফেলছে তাঁকে। এই মানসিকতা কি বদলাবেন? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইট যুদ্ধে নামার আগে মুখ খুললেন অভিষেক।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলের এক ভিডিওয় অভিষেক বলছেন, "আমি আমার ব্যাটিং উপভোগ করি। দু'বছর আগে চাপ নেওয়া ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয় নির্দিষ্ট পদ্ধতি আমার হাতেই রয়েছে। তা সে অনুশীলন হোক কিংবা ম্যাচ, আমি এটাই করে চলেছি। তবে এসব নিয়ে বেশি চাপ নিতে পছন্দ করি না।" পেস হোক কিংবা স্পিন, এই বিশ্বকাপে বারবার সমস্যায় পড়েছেন অভিষেক। পাকিস্তান এবং নেদারল্যান্ডস ম্যাচে স্পিনে পরাস্ত হয়েছেন। আমেরিকার বিরুদ্ধে আবার পেসারের বলে বোল্ড হন।

তবে দল যে অভিষেকের ফর্ম নিয়ে চিন্তায় নেই, সে কথা স্পষ্ট হয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব কিংবা গৌতম গম্ভীরের সহকারীর কথায়। সেই অভিষেক মনে করছেন, ফর্মের চড়াই-উতরাই থাকবে। "ব্যাটার হিসাবে সকলের উত্থান-পতন থাকে। কখনও আপনি রান পান। কখনও পান না। কিন্তু একটা সময় ঠিকই করে নিয়েছিলাম, এভাবেই তো খেলে যেতে হবে। অর্থাৎ আগ্রাসী মনোভাব বদলের কোনও প্রশ্নই নেই। সব সময় হয়তো সাফল্য আসবে না। কিন্তু এই মানসিকতা নিয়েই আমি খেলা চালিয়ে যাব।" মন্তব্য বাঁহাতি ওপেনারের। 

কিন্তু পরিসংখ্যান তো লুকিয়ে থাকবে না। শেষ আট ইনিংসে পাঁচবার শূন্যে ফিরেছেন অভিষেক। ৮৪, ০, ৬৮*, ০, ৩০, ০, ০, ০। এই হল শেষ আটটি টি-টোয়েন্টিতে তাঁর স্কোর। সুপার এইটে নামার আগে তাঁর আত্মবিশ্বাস যে অনেকটাই তলানিতে থাকবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, রবিবাসরীয় যুদ্ধে কতটা সফল হন অভিষেক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement