shono
Advertisement
T20 World Cup

'ওয়াংখেড়েকে চুপ করাব', সেমি-যুদ্ধের আগে কামিন্সের মতো ভারতকে হুঙ্কার ইংরেজ তারকার

২০২৩ সালে প্যাট কামিন্সরা যেমন রোহিত শর্মাদের হারিয়ে ভারতবাসীর স্বপ্নভঙ্গ করেছিলেন। সেরকমই ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কুরান বলে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ওয়াংখেড়েকে 'চুপ' করিয়ে দিতে চান।
Published By: Arpan DasPosted: 09:06 AM Mar 04, 2026Updated: 09:31 AM Mar 04, 2026

বছর তিনেক আগে এক অজি পেসার 'চুপ' করিয়ে দিয়েছিলেন গোটা নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে। এবার একই 'হুমকি' দিয়ে রাখলেন এক ইংরেজ অলরাউন্ডার। ২০২৩ সালে প্যাট কামিন্সরা যেমন রোহিত শর্মাদের হারিয়ে ভারতবাসীর স্বপ্নভঙ্গ করেছিলেন। সেরকমই ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কুরান বলে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ওয়াংখেড়েকে 'চুপ' করিয়ে দিতে চান।

Advertisement

বৃহস্পতিবার মুম্বইয়ে সেমির যুদ্ধে নামছে ভারত। সুপার এইটে সঞ্জু স্যামসনের অবিশ্বাস্য ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মাঠ নামবেন সূর্যরা। তবে বিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ইংল্যান্ড অধিকতর কঠিন। বিশ্বকাপের শুরুটা নড়বড়ে বলেও এখন ব্রুকদের টিম দারুণ ছন্দে রয়েছে। বোলারদের মধ্যে ভয়াল গতির জোফ্রা আর্চারকে আবার পুরনো দিনের মতো দেখাচ্ছে।

সূর্যদের সেটা ফের মনে করিয়ে দিলেন স্যাম কুরান। তিন বছর আগের আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের আদলে তিনিও বলে রাখলেন, বৃহস্পতিবার ওয়াংখেড়েকে তিনি নিস্তব্ধ করে দিতে চান। এ দিন তিনি বলেছেন, "প্রথমেই একটা কথা বলে রাখছি যে, আমরা কাউকে ভয় পাই না। সে যে টিমই হোক না কেন। ওয়াংখেড়ে ঐতিহ্যশালী স্টেডিয়াম। তবে আশা করছি, বৃহস্পতিবার ওয়াংখেড়েকে নিশ্চুপ রাখতে পারব। যদি সমর্থকরা চুপ হয়ে যায়, তাহলে ইংল্যান্ড আরও ভালো খেলবে।"

যা শুনে মনে পড়তেই পারে তিন বছর আগের কথা। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, "ভারত বিশ্বকাপে ভালো খেলেছে। সমর্থকরা পাশে থাকবে। তাই তাদের চুপ করিয়ে দেওয়ার থেকে আনন্দের আর কিছু হতে পারে না।" কামিন্সরা সেটা করেছিলেন। রোহিত-বিরাটদের হারে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লক্ষ ৩০ হাজার জনতা চুপ হয়ে যায়। এবার কি কুরানরাও সেই কাণ্ড করবেন? নাকি অতীত শিক্ষা নিয়ে সূর্যকুমার যাদবরা ফাইনালে পা বাড়াবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement