চলছে প্রেমের সপ্তাহ। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তার মধ্যেই ক্রিকেট যুদ্ধ। ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই। কথায় বলে, 'যুদ্ধ ও প্রেমে সব ন্যায্য।' ক্রিকেট-যুদ্ধে কী হবে, সেটা তো সময়ই বলবে। তার আগে প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে হোটেলে স্নানপোশাকে দেখা গেল হার্দিক পাণ্ডিয়াকে। যার ফলে প্রশ্ন উঠছে, বোর্ডের নিয়মনীতিকে কি পাত্তাই দিচ্ছেন না তারকা অলরাউন্ডার?
হার্দিক ও মাহিকার প্রেম কাহিনি এখন রীতিমতো চর্চার বিষয়। প্রেমের সপ্তাহে প্রেমিকাকে উপহার দিয়ে ভরিয়ে দিচ্ছেন হার্দিক। থাকছে সারপ্রাইজও। এর মধ্যেই দেখা মিলল যুগলের। তাও সেটা কোথায়? টিম হোটেলে। দু'জনের হাতে হাত। হোটেলের লবি দিয়ে হেঁটে যাচ্ছেন দু'জনে। কিন্তু নেটিজেনদের চোখ কপালে উঠেছে দু'জনের পোশাক দেখে। বাথরোবে ঘুরে বেড়াচ্ছেন হার্দিক।
সেই সঙ্গে ঘুরছে আরেকটাও প্রশ্ন। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে স্ত্রী-বান্ধবীদের সঙ্গে থাকতে পারবেন না ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্ট থেকে ভারতীয় বোর্ডের কাছে বিশেষ আর্জি জানানো হয়েছিল। যেখানে ম্যানেজমেন্ট চেয়েছিল বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারের পরিবারের সদস্যরা যেন তাঁদের সঙ্গে থাকতে পারে। বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের কাছেও সেই আর্জি করা হয়। কিন্তু সেই দাবি পত্রপাঠ খারিজ হয়ে যায়।
তবে নিয়ম থাকলে, নিয়মের ফাঁকও সম্ভবত খুঁজে ফেলেছেন হার্দিক। একসঙ্গে থাকা মানে কি রাতেও থাকা? নাকি সময় কাটানোর স্বাধীনতা আছে? সেটা স্পষ্ট করে বলা আছে কি? সম্ভবত সেই 'সুযোগ'টাই কাজে লাগিয়েছেন তারকা অলরাউন্ডার। পাকিস্তান ম্যাচের আগে সব কিছু যখন ঠিকঠাক চলছে, তখন ভালোবাসার মানুষটিকে গোলাপের বাকেট উপহার দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। প্রেমিকা মাহিকা শর্মার নামের প্রথম অক্ষর ‘এম’ ট্যাটু করিয়েছেন তারকা অলরাউন্ডার। সেই ছবি হু হু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
