shono
Advertisement
Harshit Rana

আশঙ্কা সত্যি করে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্ত ঘোষণা বিসিসিআইয়ের

নিজের প্রিয়পাত্রকে ছাড়াই অগ্নিপরীক্ষায় নামতে হচ্ছে কোচ গৌতম গম্ভীরকে। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের নিয়মিত পেসার হর্ষিত রানা।
Published By: Subhajit MandalPosted: 09:40 PM Feb 06, 2026Updated: 11:35 PM Feb 06, 2026

নিজের প্রিয়পাত্রকে ছাড়াই অগ্নিপরীক্ষায় নামতে হচ্ছে কোচ গৌতম গম্ভীরকে। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের নিয়মিত পেসার হর্ষিত রানা। শুক্রবার সরকারিভাবে হর্ষিতের ছিটকে যাওয়ার খবর জানিয়েছে বিসিসিআই। পরিবর্ত হিসাবে দলে ডেকে নেওয়া হল মহম্মদ সিরাজকে। ফলে দেড় বছর পর টি-২০ ফরম্যাটে সুযোগ পেলেন হায়দরাবাদি পেসার। এবং সোজা বিশ্বকাপে নামতে হচ্ছে সিরাজকে।

Advertisement

বিশ্বকাপের আগে থেকেই চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। বিজয় হাজারে ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন তিলক বর্মা। ওয়ানডে খেলতে গিয়ে আহত হন ওয়াশিংটন সুন্দরও। এবার তালিকায় জুড়ল হর্ষিতের নাম। বুধবার নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রথমে ব্যাট করতে নামে ভারত। কিন্তু প্রোটিয়া ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন হর্ষিত। রান আপে দৌড়তে গিয়ে বারদুয়েক সরে দাঁড়াতে বাধ্য হন। হাঁটু চেপে ধরে বসে পড়েন। প্রবল যন্ত্রণার মধ্যেই নিজের ওভার শেষ করেন হর্ষিত। তারপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তিনি।

তখনই আশঙ্কা করা হচ্ছিল হর্ষিত ছিটকে যাবেন। সেটাই সরকারিভাবে ঘোষণা করে দিল ভারতীয় বোর্ড। হর্ষিতের বদলে দলে নেওয়া হল মহম্মদ সিরাজকে। লালবলের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম ভরসার জায়গা হলেও সিরাজ সাদাবলের ক্রিকেটে নিয়মিত নন। সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেললেও জাতীয় দলের হয়ে শেষবার তিনি টি-২০ খেলেছেন সেই ২০২৪ সালের জুলাই মাসে। তারপর আর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলা হয়নি সিরাজের। কোচ গৌতম গম্ভীর কার্যত ব্রাত্য করে রেখেছিলেন তাঁকে। সেই সিরাজেই এবার ভরসা রাখতে হবে গম্ভীরকে।

যদিও প্রথম একাদশে নিয়মিত খেলার বিশেষ সম্ভাবনা তাঁর নেই। অন্তত শুরু থেকে ভারতের প্রথম একাদশে বুমরাহ এবং অক্ষরেরই থাকার কথা। পরে চোট বা ফর্মের উপর নির্ভর করছে সিরাজের ভাগ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement