shono
Advertisement
India vs Sri Lanka

টসের আগে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতের প্রথম একাদশে কারা?

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক গিল।
Published By: Arpan DasPosted: 09:47 AM Aug 15, 2026Updated: 02:41 PM Aug 15, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে ৬০০তম টেস্ট খেলতে নামছে ভারত। ঐতিহাসিক সেই কৃতিত্ব ঘটতে চলেছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে। শ্রীলঙ্কায় টসের আগে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল। তারপর জাতীয় সঙ্গীতে সুর মেলায় গোটা ভারতীয় দল। টসে জিতলেন গিল। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম একাদশে বিরাট কোনও চমক নেই। কারও অভিষেকও হচ্ছে না। সরফরাজ খান বা আকিব নবি সুযোগ পাননি। তিন নম্বরে খেলবেন দেবদত্ত পাড়িক্কল। ছয়ে ধ্রুব জুরেল। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের পর এখানেও তরুণ অলরাউন্ডার মানব সুথার জায়গা পেয়েছেন।

Advertisement

টসে জিতে গিল জানান, "পিচ খুবই ভালো। আবহাওয়া ভালো। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব। আগের টেস্টে (আফগানিস্তানের বিরুদ্ধে) যে দল ছিল, সেই প্রথম একাদশই খেলবে। দুই পেসার ও তিন স্পিনার আছে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা গর্বের। বিশেষ করে স্বাধীনতা দিবস ও ৬০০তম টেস্টে নেতৃত্ব দেওয়া আরও সম্মানের।"

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের সেরা হয়েছিলেন মানব সুথার। ২৪ বছর বয়সি অলরাউন্ডারকে টেস্টে রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে দেখা হচ্ছে। তবে নজর ছিল আকিব নবির অভিষেক হয় কি না। কিংবা সরফরাজ খান সুযোগ পান কি না। দু'টোর কোনওটাই হয়নি। পেস বিভাগে গম্ভীর-গিল জুটি ভরসা রেখেছেন প্রসিদ্ধ কৃষ্ণর উপর। তাঁকে সঙ্গ দেবেন অভিজ্ঞ মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচে কুলদীপ যাদবের সঙ্গে আছেন মানব সুথার ও রবীন্দ্র জাদেজা।

প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, মানব সুথার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement