shono
Advertisement

Breaking News

T20 World Cup 2026

বিশ্বকাপের সুপার এইটে নিশ্চিত ভারত-সহ ৬ দল, সুতোয় ঝুলছে পাকিস্তান, লড়াইয়ে আর কারা?

একেবারে শেষ পর্বে এসে গিয়েছে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব। দুরন্ত পারফরম্যান্স করে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ভারত। কিন্তু গতবারের সেমিফাইনালিস্ট আফগানিস্তানের যাত্রা এবার গ্রুপ পর্বেই শেষ।
Published By: Anwesha AdhikaryPosted: 02:38 PM Feb 17, 2026Updated: 03:52 PM Feb 17, 2026

একেবারে শেষ পর্বে এসে গিয়েছে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব। দুরন্ত পারফরম্যান্স করে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ভারত। মেন ইন ব্লুর পাশাপাশি চলতি বিশ্বকাপে অপরাজিত থেকেছে প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। তারাও জায়গা করে নিয়েছে সুপার এইটে। কিন্তু টি-২০ বিশ্বকাপের আরও দুই প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং পাকিস্তান আদৌ পরের পর্বে যেতে পারবে কিনা, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

Advertisement

মঙ্গলবার সকালে ষষ্ঠ দল হিসাবে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিল নিউজিল্যান্ড। এদিন কানাডার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মিচেল স্যান্টনার। দুর্বল প্রতিপক্ষ হলেও প্রথমে ব্যাট করে ১৭৩ রান তোলে কানাডা। কনিষ্ঠতম হিসাবে টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরি করেন যুবরাজ সামরা। এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটিও এল তাঁর ব্যাট থেকে। তবে কানাডার অন্যান্য ব্যাটাররা সেভাবে রান তুলতে পারেননি।

১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় কিউয়িরা। ওপেনার টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন ফিরে যান প্যাভিলিয়নে। কিন্তু কিউয়ি ইনিংসের হাল ধরেন রাচীন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস। দু'জনেই হাফসেঞ্চুরি হাঁকান। শেষ পর্যন্ত ২৯ বল বাকি থাকতে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছেন স্যান্টনাররা। ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছেন তাঁরা।

কিউয়িদের গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকাও উঠে গিয়েছে সুপার এইটে। ফলে গতবারের সেমিফাইনালিস্ট আফগানিস্তানের যাত্রা এবার গ্রুপ পর্বেই শেষ। অন্যদিকে, ধুঁকতে ধুঁকতে হলেও সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। কিন্তু জটিল হয়েছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের অঙ্ক। শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ের কাছে হেরে অজিদের বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ। অঙ্কের বিচারে টিমটিম করে কিছুটা সম্ভাবনা রয়েছে তাদের। তবে তুলনামূলক সহজ অঙ্ক পাকিস্তানের সামনে। শেষ ম্যাচে নামিবিয়াকে হারালেই সুপার এইটে জায়গা করে নেবেন বাবর আজমরা। তবে হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। উল্লেখ্য, গতবারেও সুপার এইটে উঠতে পারেনি পাকিস্তান। আমেরিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাক ব্রিগেড। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement